স্পোর্টস ডেস্ক
যেকোনো সংস্করণে শক্তিমত্তায় বাংলাদেশ থেকে ঢের পিছিয়ে স্কটল্যান্ড। তবে টি-টোয়েন্টির বেলায় এসে সেটা মানতে চান না স্কটিশ কোচ শেন বার্জার। তাই আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে নামার আগে এক প্রকার হুমকি দিয়ে রাখলেন তিনি।
প্রস্তুতি ম্যাচের দুটিতেই দারুণ জয় পেয়েছে স্কটল্যান্ড। তাই আত্মবিশ্বাসে নেই কোনো খামতি। ধারাবাহিকতা বজায় রেখে নিজেদের সেরা ক্রিকেট উপহার দিতে চায় তারা। বার্জার বলেন, ‘আমরা জানি নিজেদের সেরাটা খেললে যে কোনো দলকে বিপদে ফেলতে পারি। সংক্ষিপ্ত সংস্করণ সব দলকেই কাছাকাছি নিয়ে আসে। আমরা জানি, আমাদের মধ্যে কী আছে। যদি সেরা ক্রিকেট খেলতে পারি তাহলে যে কাউকে হারাতে পারি আমরা। হোক সেটা বাংলাদেশ, ওমান বা পাপুয়া নিউগিনি।’
প্রথম রাউন্ডে খেলায় ‘বি’ গ্রুপে পরিষ্কার ফেভারিট দল বাংলাদেশ। কিন্তু সেখানে দ্বিমত পোষণ করে বার্জার বলেন, ‘আমরা বাংলাদেশকে পাপুয়া নিউগিনি ও ওমানের উপরে মনে করি না। আমরা জানি প্রতিটি দলই আমাদের হারাতে চাইবে। আমরা প্রস্তুত।’
স্কটল্যান্ডের জন্য স্বস্তির বিষয় হচ্ছে তিন সিনিয়র ব্যাটসম্যান রিচি বেরিংটন, কাইল কোয়েত্জার ও জর্জ মুনশি। ফরমে থাকা তিন জনকে নিয়ে বার্জার বলেন, ‘বেরিংটন, কোয়েত্জার ও মুনশিকে ব্যাটিং লাইন আপে পাওয়াটা অসাধারণ। তাদের ফরম বাকি ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস জোগাবে। বিশ্বকাপের অনুভূতি কেমন হয় সে ব্যাপারে বাকিদের সাহায্য করবে তারা। দেশের হয়ে ম্যাচ জেতার জন্য প্রতিটি খেলোয়াড়ের স্কিল ও সামর্থ্যের ওপর বিশ্বাস করি আমরা।’ বোলিংয়ে সেরকম অভিজ্ঞ না হলেও বেশ গভীরতা আছে স্কটিশদের। ওমানের উইকেটে বাংলাদেশি ব্যাটসম্যানদের ভোগানোর সামর্থ্য আছে মার্ক ওয়াটের। বাহাতি এই স্পিনার বিশ্বকাপের বাছাইপর্বে ছিলেন দুর্দান্ত। ১২ উইকেট নিয়ে ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৫.৮৫ করে। তাছাড়া লেগ স্পিনার হিসেবে বেশ কার্যকর ক্রিস গ্রেভস।
এনসিএল মাঠে গড়াচ্ছে আজ
স্পোর্টস রিপোর্টার
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৩ম আসর আজ শুরু হচ্ছে। দুই স্তরে আটটি দল অংশ নিচ্ছে এনসিএলে। প্রথম স্তরের দলগুলো হচ্ছে ঢাকা, খুলনা, রংপুর ও সিলেট বিভাগ। দ্বিতীয় স্তরে খেলবে ঢাকা মেট্রো, চট্টগ্রাম, রাজশাহী ও বরিশাল বিভাগ। এবার সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজারে হবে এনসিএলের ম্যাচ।
