প্রতিটি চরিত্রেই নিজেকে ভাঙতে চান মেহজাবীন

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২২:৩৫

 বিনোদন প্রতিবেদক

 

‘আমার কাছে যখন কোনো গল্পের স্ক্রিপ্ট আসে তখন আমার বিপরীতে কে অভিনয় করবেন, সেটা দেখি না। আমি দেখি, সেই গল্পে আমার চরিত্রটা কী এবং সেটা আমার জন্য নতুন কি-না। সেখানে আমি অপূর্ব ভাইয়া, নিশো ভাইয়া, তাহসান ভাইয়া, জোভান থেকে শুরু করে অনেকের সঙ্গেই কাজ করেছি এবং করছি।’—গল্প ও চরিত্র নির্বাচন এবং সবার সঙ্গে অভিনয় করা প্রসঙ্গে কথাগুলো বললেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ইদানিং প্রতিটি নাটকেই নিজেকে ভিন্ন ভিন্নরূপে নিজেকে উপস্থাপন করছেন মেহজাবীন। তার প্রতিটি নাটকই দর্শকদের কাছে দারুণ প্রশংসিত হচ্ছে। নির্মাতারাও তার শিডিউল পেতে তার কাছে যাচ্ছেন নতুন নতুন গল্প নিয়ে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সবসময় চ্যালেঞ্জিং কাজ করতে পছন্দ করি। প্রতিটি কাজে চরিত্রগুলোকে আলাদা করার শতভাগ চেষ্টা করি। আর সাফল্য বা প্রশংসা নিয়ে বলবো, সবাইকে ছাপিয়ে গিয়েছি, এটা বলা ঠিক নয়। বরং বলবো, সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। একটা নাটকে কিন্তু শুধু একজন মেহজাবীনই থাকে না, সঙ্গে জড়িত থাকেন নাট্যকার, পরিচালক, প্রযোজক, সহশিল্পী, অন্যান্য শিল্পী, ক্যামেরাম্যান থেকে শুরু করে আরো অনেকে। তাই সবারই প্রশংসাটা প্রাপ্য।’ এছাড়া কাজের ক্ষেত্রে কাউকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবেন কি-না!—এমন প্রশ্নে তিনি আরো বলেন, ‘একজন অভিনয়শিল্পীর ভালো কাজের ক্ষুধা থাকা উচিত। কে প্রতিদ্বন্দ্বী কিংবা অপ্রতিদ্বন্দ্বী হয়ে গেলাম এমনটা ভাবা ঠিক নয়।’