g আলজাজিরা
ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ভূমিকম্পে কমপক্ষে তিন জন নিহত এবং আরো সাত জন আহত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ইন্দোনেশিয়ায় আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩। ভূমিকম্পের পর বেশ কয়েকটি পরাঘাত অনুভূত হয়েছে।
ঐদিন ভোরের কিছু সময় আগে ভূমিকম্পটি আঘাত হানে। এ সময় আতঙ্কিত লোকজন ঘর থেকে রাস্তায় নেমে আসে। মাত্র দুদিন আগেই পর্যটকদের জন্য উন্মুক্ত হয়েছে বালি দ্বীপ। এর মধ্যেই জনপ্রিয় ঐ দ্বীপে ভূমিকম্প আঘাত হানল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বালির বন্দর শহর সিংগারাজা থেকে ৬২ কিলোমিটার (৩৮.৫ মাইল) উত্তর-পূর্বাঞ্চলে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২) মাইল। ভূমিকম্পের কারণে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বালি দ্বীপের তল্লাশি ও উদ্ধার এজেন্সির প্রধান গেড ডারমাডা বলেন, তারা এখনো ক্ষয়ক্ষতি এবং হতাহতের তথ্য সংগ্রহের চেষ্টা করে যাচ্ছেন। তিনি জানিয়েছেন, দুর্ঘটনায় অনেকের হাড় ভেঙে গেছে, আবার কারো মাথায় আঘাত লেগেছে। ভূমিকম্পের কারণে একটি পাহাড়ি জেলায় ভূমিধসে দুই জনের মৃত্যু হয়েছে। কমপক্ষে তিনটি গ্রামে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভূমিকম্পের উপকেন্দ্রের কাছে কারাংগাসেমে বেশ কিছু বাড়ি এবং মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে। ঐ এলাকায় ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে তিন বছর বয়সি এক শিশু প্রাণ হারিয়েছে। কারাংগাসেমের বুঙ্গা গ্রামের প্রধান কেরতাওয়া বলেন, সেখানকার প্রায় ৬০ শতাংশ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বালি দ্বীপে ৪০ লাখের বেশি মানুষের বসবাস। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য দুয়ার খুলে দেয় বালি। করোনা মহামারির কারণে দীর্ঘদিন ধরেই সেখানে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ছিল।
