g বিবিসি
করোনা সংক্রমণে রাশিয়ায় এক দিনে ১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। করোনা মহামারি শুরুর পর প্রথমবার এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটাই। দেশটিতে বর্তমানে কোনো বিধিনিষেধ নেই, এমনকি ভ্যাকসিন কর্মসূচিও আশানুরূপ হচ্ছে না।
শনিবার সরকারি এক হিসাব অনুযায়ী, রাশিয়ায় নতুন করে এক দিনে ৩৩ হাজার ২০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ১ হাজারের বেশি মানুষ। গত তিন দিন ধরেই সংক্রমণ এবং মৃত্যুর রেকর্ড হচ্ছে রাশিয়ায়। গোগোভ ওয়েবসাইট অনুযায়ী, শনিবার পর্যন্ত রাশিয়ায় মাত্র ৩১ শতাংশ মানুষ ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করেছেন। করোনা ভাইরাসের কঠোর বিধিনিষেধের অভাবে সংক্রমণ বাড়তে শুরু করেছে। দেশের ভ্যাকসিনের হার আশানুরূপ না হলেও নতুন করে বিধিনিষেধের কথা ভাবছে না ক্রেমলিন। এর বদলে দেশের অর্থনীতির ওপরই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালগুলোতে রোগীর সংখ্যাও বাড়ছে। রাশিয়ার মেডিক্যাল বিভাগ বলছে, তারা অতিরিক্ত রোগীদের চিকিত্সার জন্য প্রস্তুত রয়েছে। তবে রাশিয়ার জনগণকেই নতুন সংক্রমণের জন্য দায়ী করছে কর্তৃপক্ষ। চলতি সপ্তাহের শুরুতে স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো বলেন, তাদের (সাধারণ মানুষের) আচরণ লক্ষ করা হচ্ছে। অন্যদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে নিজেদের জীবন বাঁচাতে জনগণের জন্য সবকিছু করা হচ্ছে।
