ক্রিকেটের চিরন্তন ঐতিহ্য, আভিজাত্য, সংস্কৃতির ধারক ধরা হয় টেস্ট ও ওয়ানডে ফরম্যাটকে। এ সংক্রান্ত আলোচনায় সবসময় দূরে থাকে ক্রিকেটের খুদে সংস্করণ টি-২০। কিংবদন্তিরা এখনো বাঁকা চোখে দেখেন এ ফরম্যাটকে। কেউ কেউ তো ‘জাত গেল, জাত গেল’ বলেও রব তোলেন। কিছুটা ‘সত্’ ছেলের মতোই লালিত হয় টি-২০ ক্রিকেট। কিন্তু বাস্তবতা হলো, গত এক দশক ধরে ক্রিকেট বিশ্বায়নের দায়িত্বটা বয়ে বেড়াচ্ছে এ ফরম্যাট।
টেস্ট, ওয়ানডে যদি হয় কুলীনদের, তবে ক্রিকেটের সার্বজনীন রূপ এখন টি-২০। কারণ এ ফরম্যাটের মাধ্যমেই ক্রিকেটের মূল স্রোতে এসেছে ১০৫টি দেশ। এবং টি-২০ বিশ্বকাপেই সবচেয়ে বেশি দল অংশ নেওয়ার সুযোগ পায়। আজ শুরু হতে চলা বিশ্বকাপেও অংশ নিচ্ছে ১৬টি দেশ। ওমান ও সংযুক্ত আরব আমিরাতে আজ মাঠে গড়াচ্ছে আইসিসি টি-২০ বিশ্বকাপের সপ্তম আসর। প্রায় মাসব্যাপী লড়াই শেষে ১৪ নভেম্বর ফাইনালে মিলবে এ সংস্করণের বিশ্বচ্যাম্পিয়ন। বিশ্বব্যাপী ক্রিকেট রোমান্টিকদের ‘বিনোদনের’ আশ্রয় এখন টি-২০ ফরম্যাট। ব্যাটসম্যানদের আগ্নেয় প্রহারে বোলারদের বিষাদে ঢাকা মুখশ্রী, চার-ছক্কার ঝড়, ধন্ধুমার ব্যাটিংই যেন এ ফরম্যাটের মূল সৌন্দর্য। তিন ঘণ্টার পিকনিক সদৃশ ২২ গজের লড়াই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন ক্রিকেটপ্রেমীরা।
আগের দুই আসরের মতোই এবার প্রথম রাউন্ডে দুই গ্রুপে আটটি দল অংশ নিচ্ছে। দুই গ্রুপের সেরা চার দল উন্নীত হবে সুপার-১২ পর্বে। বিশ্বকাপের মূল পর্ব এটিই। র্যাংকিংয়ে এগিয়ে থাকায় আগেই আটটি দল সুপার-১২ পর্বে জায়গা করে নিয়েছে। আগামী ২৩ অক্টোবর শুরু হবে এ পর্ব। দারুণ লড়াই শেষে সেমিফাইনালে উঠবে চারটি দল। পরে সেরা দুই দল লড়বে ট্রফি জয়ের মঞ্চে।
আজ দিনের প্রথম ম্যাচে নবাগত পাপুয়া নিউগিনির বিরুদ্ধে স্বাগতিক ওমানের লড়াই দিয়ে শুরু হবে বিশ্বকাপ। ম্যাচটি শুরু হবে বিকাল ৪টায়। এবারও প্রথম রাউন্ডে খেলতে হচ্ছে বাংলাদেশকে। ওমানেই প্রথম রাউন্ডের তিনটি ম্যাচ খেলবে টাইগাররা। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে আজ স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে। ওমানের আল-আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। ১৯ অক্টোবর ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে বাংলাদেশ।
আইপিএল মিশন শেষে গতকালই দলে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। পিঠের ইনজুরি কাটিয়ে খেলতে প্রস্তুত অধিনায়ক মাহমুদউল্লাহও। প্রথম রাউন্ডের ধাক্কা পার হয়ে সুপার-১২ যাওয়াই বাংলাদেশের মূল লক্ষ্য। আজ স্কটল্যান্ডকে হারিয়েই এ মিশনে শুভ সূচনা করতে চায় টাইগাররা। সুপার-১২ এ উন্নীত হলে ভারত, পাকিস্তান, আফিগানিস্তান, নিউজিল্যান্ড ও প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপের দ্বিতীয় দলের বিরুদ্ধে খেলবে মাহমুদউল্লাহ বাহিনী। দীর্ঘ ১৪ বছর ধরে টি-২০ বিশ্বকাপের মূল আসরে জয় নেই বাংলাদেশের। গত পাঁচ আসরের অপূর্ণতা এবার ঘুচাতে চান মুশফিকরা।
করোনা ভাইরাসের ভয়ের চাদর জড়ানো থাকলেও বিশ্বকাপে হর্ষধ্বনিতে গ্যালারি মাতানোর সুযোগ থাকছে দর্শকদের। ধারণ ক্ষমতার ৭০ ভাগ দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন। করোনার কারণে ভারত থেকে মরুর বুকে সরিয়ে নেওয়া হয়েছে বিশ্বকাপ। আয়োজক অবশ্য ভারতই। করোনার ধাক্কায় ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হয়নি বিশ্বকাপ। যা আগামী বছর অনুষ্ঠিত হবে। তাই ক্রিকেটপ্রেমীদের নিয়মিতই উপভোগের রসদ জুগিয়ে যাচ্ছে এ ফরম্যাট।
ভারতের মাটিতে সর্বশেষ ২০১৬ সালে অনুষ্ঠিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার বিশ্ব শ্রেষ্ঠত্বের মুকুট কাদের হাতে উঠবে সেটা দেখতেই মুখিয়ে থাকবে ক্রিকেট দুনিয়া।
