কাকরাইলের সংঘর্ষের ঘটনায় তিন মামলা, আসামি ৪ হাজার

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২৩:১৫

রাজধানীর কাকরাইল মোড়ে পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা দায়ের হয়েছে। এই তিন মামলায় ৪ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে যাদের সিংহভাগই অজ্ঞাত। পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলাগুলোর বাদী হয়েছে পুলিশ। রমনা, পল্টন ও চকবাজার থানায় মামলা হয়েছে।

পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার সাজ্জাদুর রহমান বলেন, রমনা থানায় ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত প্রায় ১ হাজার ৫০০ জনের নামে একটি মামলা হয়েছে। মামলায় ১০ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

পল্টন থানার ওসি সালাউদ্দিন বলেন, কাকরাইল মোড়ে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলায় ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো প্রায় ২ হাজার জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ছয় জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

চকবাজার থানার ওসি আব্দুল কাইয়ুম বলেন, চকবাজারের নূর ফাতেহ লেনে শুক্রবার দুপুরে সংঘর্ষের ঘটনায় পাঁচ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩৫/৪০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরীফুল ইসলাম। এই মামলায় পাঁচ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

আদালত সূত্র জানায়, রমনা থানায় দায়ের করা মামলায় ৯ জনকে দুই দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে এক জনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাকে রিমান্ডে দেয়নি আদালত। পল্টন ও চকবাজার থানার গ্রেফতারকৃতদের এক দিন করে রিমান্ডে দিয়েছে আদালত।

উল্লেখ্য, শুক্রবার জুম্মার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদ থেকে জনতা বিক্ষোভ মিছিল বের করে এবং মিছিলটি পল্টন মোড় হয়ে নাইটিংগেল মোড়ে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়।