ইসলাম নিয়ে কটূক্তি করায় পাঘরঘাটায় যুবক আটক

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২৩:১৬

বরগুনার পাথরঘাটায় ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় প্রান্ত সমাদ্দার (১৫) নামে এক জনকে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ।

শনিবার ভোরে তাকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের সপ্তগ্রাম এলাকা থেকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে তার মোবাইল ফোন। প্রান্ত সমাদ্দার সপ্তগ্রামের শিশির সমাদ্দারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ওসি আবুল বাশার।

থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে প্রান্ত সমাদ্দারের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে কিরনপুর এলাকার আউয়াল মোল্লার ছেলে ইমরান মোল্লার ফেসবুক আইডিতে একটি পোস্ট আসে যাতে ইসলাম ধর্ম সম্পর্কে কটূক্তি করা হয়। কিছুক্ষণের মধ্যেই এটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি পাথরঘাটা থানা পুলিশ আমলে নিয়ে শুক্রবার রাত থেকে প্রান্ত সমাদ্দারকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। শনিবার ভোর রাতে নাচনাপাড়ার সপ্তগ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) তোফায়েল আহমেদ সরকার জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে অভিযুক্ত প্রান্ত সমাদ্দারকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার ব্যবহূত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও  সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলার বিভিন্ন স্থানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।