ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস) কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গু শনাক্তের পর তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, জ্বর ও শারীরিক দুর্বলতার কারণে ৮৯ বছর বয়সি কংগ্রেস নেতা মনমোহন সিংকে গত বুধবার দিল্লির এইমসে ভর্তি করা হয়। শনিবার এক এইমস কর্মকর্তা বলেন, তার দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। কিন্তু এখন তার প্লাটিলেটের সংখ্যা বাড়ছে এবং পরিস্থিতির উন্নতি হচ্ছে। তাকে হাসপাতালটির একটি কার্ডিও-নিউরো ওয়ার্ডে রাখা হয়েছে।
এদিকে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়া বৃহস্পতিবার মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করে স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। তবে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, মনমোহন সিংয়ের পরিবারের আপত্তি তোয়াক্কা না করে সঙ্গে একজন ফটোগ্রাফার নিয়ে ঢুকেছিলেন তিনি। সাবেক প্রধানমন্ত্রীর মেয়ে দামান সিং স্বাস্থ্যমন্ত্রী মান্দাভিয়ার সমালোচনা করে বলেছেন, ঐ সময় আমার মা ছিলেন বাবার কেবিনে। তিনি ফটোগ্রাফারকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেন। কিন্তু তার কথায় কেউ কর্ণপাতই করেননি। তাদের যথেষ্ট বয়স হয়েছে। তারা তো আর চিড়িয়াখানার জীবজন্তু নন। এ ঘটনায় মান্দাভিয়াকে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা।
