মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত একাধিক প্রার্থী স্বতন্ত্র হিসেবে মনোনয়ন ফরম কিনেছেন। কয়েকটি ইউনিয়নে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম দাখিলও করেছেন। নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলেও উপজেলার একাধিক ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত প্রার্থীরা মনোনয়ন ফরম কিনেছেন। মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন আজ বিকেল ৫টা পর্যন্ত। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা আজ মনোনয়ন ফরম দাখিল করবেন বলে জানা গেছে। তবে বিদ্রোহীরা যাতে মনোনয়ন ফরম জমা দিতে না পারেন, সেজন্য বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর কর্মীরা বাধা দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে মনোনয়ন ফরম জমা দিতে যাওয়ার সময় শুক্রবার ও শনিবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দুজন বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন ফরম ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার বেলা সাড়ে ৩টায় ৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মেজবাউল আলম মনোনয়ন ফরম জমা দেওয়ার জন্য উপজেলা নির্বাচন অফিসে ওঠার সময় ছাত্রলীগ নামধারী নোমান, ইকবালসহ অজ্ঞাত আরো ১০-১৫ জনের একটি গ্রুপ তাকে মেরে মনোনয়ন ফরম ছিনিয়ে নিয়ে চলে যায়। মনোনয়ন ফরম ছিনিয়ে নেওয়ার বিষয়ে মেজবাউল আলম রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। শনিবার বিকেলে উপজেলা নির্বাচন অফিস, উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে একাধিক গাড়িতে অজ্ঞাত যুবকদের আনাগোনা দেখা যায়। জোরারগঞ্জ ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগের নেতা ফিরোজ উদ্দিন বাদল মনোনয়ন ফরম জমা দিতে যাওয়ার সময় তার ফরমও অজ্ঞাত কয়েকজন যুবক ছিনতাই করে নিয়ে যান।
১ নম্বর করেরহাট ইউনিয়ন পরিষদ, ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদ ও ৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফারুক হোছাইন বলেন, করেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত এনায়েত হোসেন নয়ন, স্বতন্ত্র মো. সালা উদ্দিন, মো. শোয়াইব মনোনয়ন ফরম নিয়েছেন। মিরসরাই সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত মো. সামছুল আলম, স্বতন্ত্র প্রার্থী মো. এমরান উদ্দিন, মো. সাইফুল্লাহ, মো. আজম উদ্দিন, মো. খায়রুল বাশার ফারুক, মেজবাউল আলম, নজরুল ইসলাম মনোনয়ন ফরম নিয়েছেন। শনিবার বিকেল পর্যন্ত করেরহাট ও মিরসরাই সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে কেউ মনোনয়ন জমা দেননি। জোরারগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত মো. রেজাউল করিম, স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুর চৌধুরী, মো. আনোয়ার হোসেন, মো. নিজাম উদ্দিন, মকসুদ আহমদ চৌধুরী, মো. আবুল কাশেম, ফিরোজ উদ্দিন বাদল, নুর মো. সেলিম, প্রসার কান্তি বড়ুয়া মনোনয়ন ফরম নিয়েছেন। শনিবার বিকেল পর্যন্ত জোরারগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. নিজাম উদ্দিন মনোনয়ন জমা দিয়েছেন।
৪ নম্বর ধুম ইউনিয়ন পরিষদ, ৫ নম্বর ওচমানপুর ইউনিয়ন পরিষদ এবং ৬ নম্বর ইছাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহ মো. নূর বলেন, ধুম ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত এ কে এম জাহাঙ্গীর ভূইয়া, ওচমানপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত মফিজুল হক, স্বতন্ত্র প্রার্থী মো. মহসীন, মো. রেজাউল করিম, মো. ফারুক, মোশাররফ হোসেন, ইছাখালী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত মো. নুরুল মোস্তফা, স্বতন্ত্র প্রার্থী মো. মোস্তফা মনোনয়ন ফরম নিয়েছেন। শনিবার বিকাল পর্যন্ত তিনটি ইউনিয়নে কেউ মনোনয়ন জমা দেননি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ১ নম্বর করেরহাট ইউনিয়ন পরিষদ, ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদ এবং ৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফারুক হোছাইন বলেন, রবিবার বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিতে পারবেন। কোনো প্রার্থীর মনোনয়ন ফরম ছিনতাইয়ের বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে ১৫টি ইউনিয়নে ব্যালেটে এবং মিরসরাই সদর ইউনিয়নে ইভিএমে ভোট অনুষ্ঠিত হবে।
