কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগে অভ্যন্তরীণ কোন্দলের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পালটা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাটুয়াভাঙা দরগা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ইত্তেফাককে জানান, বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে দলের অবস্থান কঠোর। যারা দলের সিদ্ধান্ত অমান্য করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার সূত্র ধরে গতকাল শনিবার সকালে ময়মনসিংহ-ভৈরব আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা। বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ময়মনসিংহ-ভৈরব মহাসড়কের পুলেরঘাট বাজারে টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করে বর্তমান সংসদ সদস্য ও সাবেক আইজিপি নূর মোহাম্মদ সমর্থিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজট দেখা দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়রা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটির আহ্বায়ক সোহরাব উদ্দিনের বাড়ি ঘিরে অবস্থান নেয় পুলিশ। দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় বের হলেও পুলিশি বাধার মুখে পিছু হটেন। কোনো পক্ষের লোককে দরগা বাজারে যেতে দেওয়া হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিনকে আহ্বায়ক করে ৬৭ সদস্য বিশিষ্ট উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় জেলা আওয়ামী লীগ। এ কমিটিকে প্রত্যাখ্যান করে তা বাতিল চেয়ে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করে আসছে বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদ সমর্থিত নেতাকর্মীরা। এদিকে শনিবার সকালে সোহরাব উদ্দিন দরগা বাজার সংলগ্ন তার নিজ বাসভবনে নবগঠিত কমিটির প্রথম কার্যনির্বাহী সভার আয়োজন করেন। এ সভাকে কেন্দ্র করে সংসদ সদস্য নূর মোহাম্মদ সমর্থিত নেতাকর্মীরা ময়মনসিংহ-ভৈরব আঞ্চলিক সড়কের পুলেরঘাট বাজারে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন। প্রায় ঘণ্টাব্যাপী অবরোধে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ উপস্থিত ঘটনাস্থলে হয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে কার্যনির্বাহী কমিটির সভাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় দরগা বাজারে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন ও বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদ সমর্থিত নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংসদ সদস্য নূর মোহাম্মদ সমর্থিত জেলা শ্রমিকলীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ বলেন, বিতর্কিত ব্যক্তিকে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক করা হয়েছে। এছাড়াও এ কমিটিতে বিএনপি ও জামায়াত-শিবিরের চিহ্নিত লোকজনদের রাখা হয়েছে। আমরা এ কমিটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। অবিলম্বে বিতর্কিত এ কমিটি বাতিলের দাবি জানাচ্ছি। এ কমিটি বাতিল না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে। এ ব্যাপারে সাবেক সংসদ সদস্য ও নবগঠিত উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন ইত্তেফাককে বলেন, আমি আমার বাড়িতে নতুন কমিটির মিটিং ডেকেছি। শুক্রবার সন্ধ্যায় বর্তমান সংসদ সদস্যের লোকজন এসে আমার বাড়িতে হামলা করেছে। আমার এলাকার লোকজন বাঁধা দিলে তারা সংঘর্ষ বাধায়। আমি আওয়ামী লীগের সভাপতি হয়েছি সেটা বর্তমান সংসদ সদস্য ভালো চোখে দেখছেন না। আমিও এ উপজেলার চেয়ারম্যান ছিলাম, সংসদ সদস্য ছিলাম। আমার বাড়িতে এসে হামলা করেছে তারা, আমি এ ঘটনায় হতবাক। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারওয়ার জাহান বলেন, সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
