দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি সাম্যবাদী দলের

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ০০:০৭

বাজারে খাদ্যদ্রব্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামে জনজীবন অতিষ্ঠ বলে অভিযোগ করেছে বাংলাদেশের সাম্যবাদী দল। দেশ যাতে অস্থিতিশীল না হয় সে জন্য সরকারের প্রতি চাল, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়েছে দলটি।

গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ আহ্বান জানানো হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। উপস্থিত ছিলেন দলের ঢাকা মহানগর সম্পাদক বাবুল বিশ্বাস, মহানগর সদস্য সাইমুম হক, যুবনেতা মো. সৈকত খান প্রমুখ।

দিলীপ বড়ুয়া বলেন, করোনাকালে বিধিনিষেধের ফলে একদিকে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, দিনমজুর ও গরিব মানুষের বড় অংশ কাজ হারিয়েছে। অন্যদিকে চাল, ভোজ্য তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীযয় জিনিসের দাম লাগামহীনভাবে বেড়ে চলেছে। সরকারের সংশ্লিষ্ট মহলগুলো জিনিসপত্রের দাম পর্যবেক্ষণ করে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ব্যর্থ হয়েছে।