দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ছায়া সংসদ

দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্য বিশ্বে প্রশংসিত ------- দুর্যোগ প্রতিমন্ত্রী

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ০০:০৭

ঘূর্ণিঝড় ও বন্যা ব্যবস্থাপনায় সরকারের সাফল্য নিয়ে বিতর্কের অবকাশ নেই। বরং এসব ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য বিশ্বে প্রশংসিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনায় সাফল্যের স্বীকৃতি হিসেবে জাতিসংঘের সিভিল সার্ভিস অ্যাওয়ার্ড গ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ, বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, এমপি।  গতকাল শনিবার রাজধানীর তেজগাঁওয়ে এফডিসিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেন, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলো নারী ও শিশুবান্ধব করার পাশাপাশি প্রতিবন্ধী জনগোষ্ঠীর বসবাসের উপযোগী করা হয়েছে। বজ্রপাত ঝুঁকি কমাতে সারা দেশে ১ কোটি তালগাছ রোপণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ৩৮ লাখ তালগাছ লাগানো হয়েছে। অনিয়মের কারণে সরকার তালগাছ প্রকল্প থেকে সরে এসে আধুনিক ও প্রযুক্তিনির্ভর প্রকল্পের উদ্যোগ গ্রহণ করেছে।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দুর্যোগ ঝুঁকি হ্রাসে বাংলাদেশ বিশ্বে রোল মডেল হিসেবে প্রশংসিত হলেও এখনো আমাদের উপকূলীয় অঞ্চলে অনেক মানুষ দুর্যোগ ঝুঁকিতে বসবাস করছে। পাশাপাশি দুর্যোগজনিত কারণে বাস্তচ্যুত হয়ে অনেক মানুষ শহরে এসে ভিড় করছে।

প্রতিযোগিতায় বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির বিতার্কিকদের পরাজিত করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা চ্যাম্পিয়ন হন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলের মধ্যে ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়।