আফগানিস্তানে সর্বোচ্চ আদালতের রায় ছাড়া প্রকাশ্যে মৃত্যুদ্ল দেওয়া নিষিদ্ধ করেছে ক্ষমতাসীন তালেবান। এক অপহরণকারীকে হত্যার পর প্রকাশ্যে ঝুলিয়ে রেখে সমালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হলো। গত বৃহস্পতিবার রাতে অন্তর্বতী সরকারের মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় নেতাদেরও বিষয়টি জানানো হয়েছে। জাবিউল্লাহ বলেন, অপরাধীদের শাস্তি প্রকাশ্যে কার্যকর করা নিষ্প্রয়োজন। সর্বোচ্চ আদালত যদি প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর এবং মরদেহ ঝুলিয়ে রাখার নির্দেশ না দেন, তাহলে এভাবে শাস্তি দেওয়া যাবে না। এদিকে কান্দাহারের শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস-কে। গত শুক্রবার কান্দাহারের সবচেয়ে বড় শিয়া মসজিদে জুমার নামাজের সময় ওই হামলা হয় এবং এতে ৪৭ জন নিহত হয়। যদিও নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে কর্মকর্তারা আশংকা করছেন। -এনডিটিভি
