বৃক্ষ : শতবর্ষী আমগাছ

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ২০:২১

 

ক্লান্ত শ্রমিকের ঘর্মাক্ত শরীরে প্রশান্ত দানকারী সেই আমগাছটি। কয় পুরুষের সাক্ষী বহন করছে তা এলাকার কেউ বলতে না পরলেও শতবর্ষী ছিল গাছটি। দাদার বাপেরাও গাছটি সম্পর্কে জানতেন। ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় নাকেইল-মান্দারতলা-আড়ুয়াডাঙ্গা সড়কের বেড়ভিটে নামক স্থানে লোকালয়শূন্য বড় একটি মাঠের মধ্যে রাস্তার ত্রিমোহনীতে গাছটির অবস্থান। কেমন একটা গা ছমছমে পরিবেশ। সন্ধ্যার পরে খুব কম মানুষই একাকী এ পথে গাছতলা দিয়ে হেঁটেছে। দিনের বেলা ক্লান্ত শ্রান্ত পথচারীকে দেখা যেত এই গাছের তলে জিড়িয়ে নিতে। প্রচণ্ড তাপদাহে মাঠে কাজ করা কৃষকদের প্রশান্তি দিত শতবর্ষী আমগাছটি। ভরদুপুরে জমত গল্পের আসর। এসব আজ শুধুই স্মৃতি। আমগাছটি এখন মৃত। পত্রপল্লব শুকিয়ে কেমন যেন হয়ে গেছে। গাছটির নিচে ক্লান্ত শরীর এলিয়ে আর গুনগুন করে ভাটিয়ালি বা জারিগান গাইবে না কোনো কৃষক। আমগাছটি থাকবে না। থাকবে শুধুই স্মৃতি, যা অনাগতদের কাছে অনেক রূপক গল্প ছড়াবে।

রানা আহম্মেদ অভি