করোনা মহামারির বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। করোনাকালের লোকসান পার করে লাভজনক অবস্থায় ফিরেছে বিভিন্ন প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় মুনাফায় ফিরেছে দেশটির ব্যাংক খাতও। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দুই অঙ্কের মুনাফা বৃদ্ধির কথা জানিয়েছে মার্কিন বৃহত্তম চার ব্যাংক। মুনাফার এ পরিমাণ অর্থনীতিবিদদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। মহামারি-পরবর্তী ভোক্তা ব্যয় ও ঋণ বিতরণ বৃদ্ধি ব্যাংকগুলোর এমন ফলাফলে সহায়তা করেছে। যদিও কম সুদের হার ব্যাংক খাতের মুনাফায় চাপ অব্যাহত রেখেছে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে, জুলাই-সেপ্টেম্বর সময় সিটিগ্রুপ, ব্যাংক অব আমেরিকা, ওয়েলস ফার্গো ও জেপি মরগান চেজের মুনাফায় উল্লম্ফন দেখা গেছে। ওয়াল স্ট্রিট ব্যাংকগুলোর সামনে এখন কেবল বাধা হয়ে আছে কম সুদের হার। তার পরও ব্যাংকগুলো মহামারির শুরুর দিকের তুলনায় বিপুল পরিমাণ ঋণ বিতরণ করেছে। এর মাধ্যমে মার্কিন অর্থনীতি নিয়ে আত্মবিশ্বাসের লক্ষণ ফুটে উঠেছে। তৃতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের বৃহত্তম এ চার ব্যাংকের সম্মিলিত মুনাফার পরিমাণ ২ হাজার ৮৭০ কোটি ডলারে পৌঁছেছে। ব্যাংকগুলোর বিপুল পরিমাণ এ মুনাফা অর্থনীতিবিদদের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে।
