গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ স্থানটি দখল করেছে ড্যাফোডিল কম্পিউটার। বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহ জুড়েই দাম কমেছে। এতে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষ স্থানটি দখল করেছে প্রতিষ্ঠানটি। গেল সপ্তাহ জুড়ে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১২ দশমিক ৯৩ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ৯ টাকা ৭০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ৬৫ টাকা ৩০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ৭৫ টাকা। হঠাত্ শেয়ারের এমন দাম কমে যাওয়া কোম্পানিটি সর্বশেষ ২০২০ সালে বিনিয়োগকারীদের ৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগে ২০১৯ সালে ১০ শতাংশ, ২০১৮ সালে ১২ শতাংশ ও ২০১৭ সালে ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। এ হিসাবে কোম্পানিটির লভ্যাংশের পরিমাণ ধারাবাহিকভাবে কমেছে। ডিএসইর মাধ্যমে প্রকাশিত কোম্পানিটির সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ৯ মাসের ব্যবসায় কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪৯ পয়সা। এদিকে দাম কমে যাওয়ার পরও গত সপ্তাহে বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার কিনতে রাজি হয়নি। ফলে সপ্তাহ জুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি ১০ লাখ ৩৮ হাজার টাকা। এতে প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ২২ লাখ ৭ হাজার টাকা। ড্যাফোডিল কম্পিউটারের পরেই গত সপ্তাহে দাম কমার তালিকায় ছিল ইউনিক হোটেল। সপ্তাহ জুড়ে এই কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ১১ দশমিক ৪৯ শতাংশ। ১১ দশমিক ২৮ শতাংশ দাম কামার মাধ্যমে পরের স্থানে রয়েছে এনভয় টেক্সটাইল। এছাড়াও গত সপ্তাহে দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা এইচ আর টেক্সটাইলের ১০ দশমিক ৬২ শতাংশ, সিলভা ফার্মাসিউটিক্যালসের ১০ দশমিক ৫৮ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ১০ দশমিক ২৬ শতাংশ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ৯ দশমিক ৬০ শতাংশ, অ্যাক্টিভ ফাইনের ৯ দশমিক ৩৫ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৯ দশমিক ৩৪ শতাংশ ও সিলকো ফার্মাসিউটিক্যালসের ৯ দশমিক ২৩ শতাংশ দাম কমেছে।
