তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

তিন বছরেও চালু হয়নি ৫০ শয্যার কার্যক্রম

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ২১:২৬

তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

তিন বছর আগে তাহিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত হয়। পরে ২০১৯ সালের ২৫ জানুয়ারি নির্মাণ করা হয় নতুন একটি ভবন। তবে প্রশাসনিক অনুমোদন পায়নি বলে আজও চালু হয়নি ৫০ শয্যার কার্যক্রম। এতে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার সাধারণ মানুষ। ফলে ১৯৭৮ সালে নির্মিত ৩১ শয্যাবিশিষ্ট পুরোনো ভবনেই চলছে চিকিত্সা কার্যক্রম। সেখানেও রয়েছে চিকিত্সক, নার্সসহ প্রয়োজনীয় জনবল সংকট। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সেটিতে মোট ১২৪ পদের বিপরীতে ৬৮ পদই শূন্য। প্রধান কর্মকর্তা ছাড়া আবাসিক চিকিত্সক, মেডিসিন, গাইনি, সার্জারি ও অ্যানেসথেসিয়া পদগুলো খালি এক দশকেরও বেশি সময় ধরে। ১৩ জন চিকিত্সকের বিপরীতে রয়েছেন ছয় জন। এর মধ্যে প্রেষণে রয়েছেন দুজন চিকিত্সক। ২০ জন নার্সের মধ্যে কর্মরত আছেন ৯ জন। তৃতীয় শ্রেণির ৭১ জন কর্মচারীর বিপরীতে রয়েছেন ৩৬ জন। তিন বছর আগে হাসপাতালটির জন্য একটি জেনারেটর ও আলট্রাসনোগ্রাম মেশিনের ব্যবস্থা করা হয়। কিন্তু টেকনিশিয়ানের অভাবে এটি এখনো সেটি চালু করা যায়নি।

এ ব্যাপারে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমদ শাফি জানান, হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত হলেও প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় এর কার্যক্রম শুরু হয়নি। তাছাড়া বর্তমান চিকিত্সক ও অন্যান্য জনবল সংকট এবং প্রয়োজনীয় যন্ত্রপাতির জন্য প্রতি মাসেই চাহিদা পাঠানো হয়ে থাকে।