কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা
উপজেলার ধানহাটিতে শনিবার রাতে টহল দেওয়ার সময় একটি অটোভ্যান ও ৯৫ কেজি বিদ্যুতের তারসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। কাহারোল থানার মামলা সূত্রে জানা গেছে, উপজেলা সদরে ডিউটিরত অবস্থায় রাত ১১টার সময় একটি অটো চার্জার বাজারে প্রবেশ করলে পুলিশের সন্দেহ হয়। সে সময় অটোচার্জার তল্লাশি করলে ৯৫ কেজি বিদ্যুতের চোরাই তার পাওয়া যায়। মো. বেলাল হোসেন, মো. রবিউল ইসলাম রবি, মো. মোস্তাফিজুর রহমান ও মো. সাকিব নামের চার জনকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কাহারোল থানার অফিসার ইনচার্জ মো. রইস উদ্দীন বলেন, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
