সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজে চালু হচ্ছে এফসিপিএস কোর্স

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ২১:২৮

সিলেট অফিস

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে শিগগিরই এফসিপিএস কোর্স চালু হচ্ছে। কোর্স চালুর সম্ভাব্যতা যাচাই করতে শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও বিসিপিএস এর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এ মেডিক্যাল কলেজ পরিদর্শন করে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এবং উপমহাদেশের প্রখ্যাত নিউরো সার্জন ডা. কনক কান্তি বড়ুয়ার নেতৃত্বে স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সদস্যরা দেশের পুরাতন এ মেডিক্যাল কলেজের অবকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেন। তারা এখানে এফসিপিএস কোর্স চালুর বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেন। কলেজ সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানায়, এ মেডিক্যালে প্রাথমিকভাবে সার্জারি, গাইনি, মেডিসিন ও শিশু বিভাগের এফসিপিএস (ফেলো অব কলেজ অব ফিজিসিয়ানস অ্যান্ড সার্জনস) কোর্স চালু হবে। এ লক্ষ্যে প্রতিনিধি দলের সদস্যরা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছেন। এছাড়া, ফিজিক্যাল মেডিসিন, গ্যাস্ট্রোএন্ট্রোলজি ও হিস্টোপ্যাথলজি বিভাগে ট্রেনিং কাউন্ট করানোর বিষয়টি সমীক্ষা করেন প্রতিনিধি দলের সদস্যরা।