ইত্তেফাক রিপোর্ট
কুমিল্লায় গত বুধবার সকালে পবিত্র কোরআন অবমাননার খবরের পর দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে ও সংঘর্ষ হয়। ঐ ঘটনার জের ধরে, বেশ কয়েকটি জেলার হিন্দু ধর্মাবলম্বী ব্যবসায়ীরা তাদের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার তথ্য জানায় এফবিসিসিআইকে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন হিসেবে এফবিসিসিআই এ হামলার নিন্দা জানাচ্ছে। একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি হিন্দু ব্যবসায়ীদের জানমাল ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছে। গতকাল রবিবার এ আহ্বান জানায় এফবিসিসিআই। জন্মলগ্ন থেকেই অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বাংলাদেশ। এদেশে সবসময়েই মুসলমান, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধসহ সব ধর্মের মানুষের সহাবস্থান ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব ব্যবসায়ীদের সম্মিলিত উদ্যোগেই অর্থনৈতিক উন্নয়নের মহাসড়কে দুরন্ত গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। এফবিসিসিআই দৃঢ়ভাবে বিশ্বাস করে, অসাম্প্রদায়িক চেতনায় ভর করেই, সব ধর্মের মানুষের যৌথ অবদানে অর্থনৈতিক ভাবে আরো সুদৃঢ় অবস্থানে যাবে আগামীর বাংলাদেশ।
