মিলিটারি ডেন্টাল সেন্টার ঘাটাইল ও মোমেনশাহীর পতাকা উত্তোলন

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ২১:৩৮

সেনাবাহিনীর মিলিটারি ডেন্টাল সেন্টার ঘাটাইল এবং মিলিটারি ডেন্টাল সেন্টার মোমেনশাহীর পতাকা উত্তোলন অনুষ্ঠান গতকাল রবিবার শহিদ সালাহউদ্দিন সেনানিবাসে অনুষ্ঠিত হয়। জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, ঘাটাইল এরিয়া মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করেন। এ সময় আর্মি ডেন্টাল কোরের একটি চৌকশ দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। পরে জিওসি, ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, ঘাটাইল এরিয়া আনুষ্ঠানিকভাবে মিলিটারি ডেন্টাল সেন্টার ঘাটাইল এবং মিলিটারি ডেন্টাল সেন্টার মোমেনশাহীর পতাকা উত্তোলন করেন।

পতাকা উত্তোলন শেষে প্রধান অতিথি তার দিকনির্দেশনামূলক বক্তব্যের শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার নেতৃত্বে অর্জিত হয়েছিল আমাদের মহান স্বাধীনতা। একই সঙ্গে তিনি স্মরণ করেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আত্মোত্সর্গকারী বীর মুক্তিযোদ্ধাদের। তিনি দেশমাতৃকার সেবায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে মিলিটারি ডেন্টাল কোরকে সদা প্রস্তুত থাকার পাশাপাশি পেশাদারিত্বে ঈপ্সিত মান অর্জনের মাধ্যমে উন্নতমানের চিকিত্সাসেবা প্রদানের আহ্বান জানান। —আইএসপিআর