প্লাস্টিক বর্জ্যমুক্ত বাংলাদেশ গড়তে সাসটেইনেবল প্লাস্টিক ম্যানেজমেন্ট প্ল্যান চূড়ান্ত

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ২১:৪৭

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল বলেছেন, প্লাস্টিক দূষণ মুক্ত বাংলাদেশ গড়ার অংশ হিসেবে সাসটেইনেবল প্লাস্টিক ম্যানেজমেন্ট প্ল্যান চূড়ান্ত করছে সরকার। তিনি বলেন, বর্তমানে বাস্তবায়নাধীন থ্রি আর পলিসি সংশ্লিষ্ট সবার সহযোগিতায় কার্যকর করে প্লাস্টিক বর্জ্য মুক্ত বাংলাদেশ গড়তে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে।

রবিবার বিকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত বিশ্বব্যাংক কর্তৃক প্রস্তুতকৃত ‘টুওয়ার্ড এ মাল্টিসেক্টরাল একশন প্ল্যান ফর সাসটেইনেবল প্লাস্টিক ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ’  শীর্ষক প্রতিবেদন পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে পরিবেশ সচিব মো. মোস্তফা কামাল এসব কথা বলেন।

সভায় এফবিসিসিআই এর সভাপতি জসিম উদ্দিন বিদেশ থেকে প্লাস্টিক বর্জ্য আমদানি নিষিদ্ধ করার সুপারিশ করেন। তিনি বলেন, বিদেশ হতে প্লাস্টিক বর্জ্য আমদানি করলে দেশের প্লাস্টিক বর্জ্য পুনঃ ব্যবহার, পুনঃ চক্রায়ন এবং হ্রাস নীতি কার্যকর হবে না। সভায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ অনু বিভাগের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়, সিটি করপোরেশন, ওয়াসা, রাজউক, এফবিসিসিআই, প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক মালিক সমিতি এবং  বিশ্বব্যাংকের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।—প্রেস বিজ্ঞপ্তি