ঢাবির ‘চ’ ইউনিটের ফলাফল প্রকাশ

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ২২:১৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের সম্মান ১ম বর্ষ (বিএফএ) ভর্তি পরীক্ষার ‘সাধারণ জ্ঞান’ অংশের ফলাফল প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা প্রকাশিত ফলাফলের ভিত্তিতে ২৬ অক্টোবর (মঙ্গলবার) অঙ্কন পরীক্ষায় অংশগ্রহণ করবে। সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফলাফলে সুযোগপ্রাপ্ত প্রথম ১ হাজার ৫০০ জনের পরীক্ষা গ্রহণ করা হবে। রবিবার বিশ্ববিদ্যালয়ের ‘চ’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. লালা রুখ সেলিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘অঙ্কন’ পরীক্ষায় অংশগ্রহণের সময় পরীক্ষার্থীকে মূল প্রবেশপত্রসহ সাধারণ জ্ঞান পরীক্ষার ফলের একটি প্রিন্টেড কপি সঙ্গে আনতে হবে। ‘অঙ্কন’ পরীক্ষার জন্য শুধু কাগজ সরবরাহ করা হবে। অন্য সরঞ্জামাদি (পেনসিল, ইরেজার, কলম, পেপার-ক্লিপ এবং ন্যূনতম ১২ ইঞ্চি ১৮ ইঞ্চি মাপের ড্রয়িং বোর্ড) পরীক্ষার্থীকে সঙ্গে নিয়ে আসতে হবে। ‘অঙ্কন’ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগপ্রাপ্ত পরীক্ষার্থীদের আসনবিন্যাস আগামী ২৪ তারিখ অনলাইনে এবং অনুষদের নোটিশ বোর্ডে দেওয়া হবে। চূড়ান্ত ফল প্রকাশের সময় নির্বাচিত ও অনির্বাচিত সকল পরীক্ষার্থী বিস্তারিত ফলাফল জানতে পারবে।