চারদিনে ৩৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরও মুক্তি পাননি রাজীব

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৭

গত চারদিন ধরে প্রায় ৩৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরও মুক্তি পাননি কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার। শনিবার (৯ ফেব্রুয়ারি) থেকে শিলংয়ে অবস্থিত ভারতের গোয়েন্দা সংস্থা (সিবিআই) দপ্তরে জিজ্ঞাসাবাদ শুরু হয় এই পুলিশ কমিশনারের। সেই ধারাবাহিকতায় পঞ্চম দিন হিসেবে বুধবার তাকে আবারও সিবিআই দপ্তরে যেতে বলা হয়।

এদিকে শিলংয়ে জিজ্ঞাসাবাদ শেষে ফেরার আগে সিবিআইয়ের কাছে রাজীব কুমারের বিরুদ্ধে সাক্ষীদের প্রভাবিত করার লিখিত অভিযোগ জানান সারদা মামলায় অভিযুক্ত সাবেক তৃণমূল সংসদ সদস্য কুণাল ঘোষ। লিখিত অভিযোগে তিনি দাবি করেন, 'সিট-এর হেফাজতে থাকার সময় আমাকে যেই পুলিশ অফিসাররা জেরা করেছিলেন, তারা সকলেই বলেছিলেন, রাজীব কুমারের নির্দেশেই আমাকে জেরা করা হচ্ছে'।

তবে রাজীবকে জিজ্ঞাসাবাদের দ্বিতীয় ও তৃতীয় দিন, রবি ও সোমবার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের সময় কুণালের মুখোমুখি হয়ে তার অভিযোগ প্রত্যাখ্যান করে রাজীব  দাবি করেন, 'আমি হোটেল থেকে ওই কর্মকর্তাদের ফোন করেছিলাম। তাদের এই অভিযোগের ব্যাপারে প্রশ্নও করি। উত্তরে তারা এমন কিছু বলার কথা অস্বীকার করেছেন'। এর পরিপ্রেক্ষিতে কুণাল অভিযোগ করেন, 'জিজ্ঞাসাবাদ পর্বে রাজীব কীভাবে এ ধরনের ফোন করেন!' তবে এই প্রসঙ্গে রাজীব কুমারের এখনো কোনো বক্তব্য জানা যায়নি। এই বিষয়ে তার আইনজীবী বিশ্বজিৎ দেব বলেন, 'আমি কলকাতায় ফিরে এসেছি। ফলে এই বিষয়ে আমার কিছু বলা ঠিক হবে না'।

আরও পড়ুন:  অপরাধীদের বিরুদ্ধে সরকার কঠোর: প্রধানমন্ত্রী

এরপর মঙ্গলবার সকাল নয়টার দিকে ওকল্যান্ডের সিবিআই দপ্তর পৌঁছান রাজীব। তাকে সিবিআই দপ্তরে পৌঁছে দেন কলকাতা পুলিশের দুই কর্মকর্তা জাভেদ শামিম এবং মুরালীধর শর্মা। জিজ্ঞাসাবাদ শেষে রাত সাড়ে নয়টার দিকে সিবিআই দপ্তর থেকে বেরিয়ে যান  রাজীব।

ইত্তেফাক/জেডএইচডি