নোয়াখালী ও কুমিল্লায় ২৬ মামলা, আসামি কয়েক হাজার

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ২২:৫৪

নোয়াখালী ও কুমিল্লায় মন্দির-পূজামণ্ডপে হামলা-ভাঙচুর ও হতাহতের ঘটনায় গতকাল রবিবার পর্যন্ত ২৬টি মামলা হয়েছে। এসব মামলায় কয়েক হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর মধ্যে নোয়াখালীর বিভিন্ন থানায় ১৮টি এবং কুমিল্লার বিভিন্ন থানায় আটটি মামলা দায়ের হয়েছে। এদিকে চৌমুহনীতে মন্দির, দোকানপাট ও বাড়িঘরে হামলা-ভাঙচুরের ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার করে নোয়াখালীর ডিসি ও এসপির অপসারণ দাবি করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।

নোয়াখালী প্রতিনিধি জানান, চৌমুহনীতে শুক্রবারের হামলায় ইসকনভক্ত যতন সাহা  ও প্রান্ত  চন্দ্র দাস  নিহত হওয়ার ঘটনায় গতকাল বেগমগঞ্জ  মডেল থানায় পৃথক দুটি মামলা হয়েছে।  একটি মামলা দায়ের করেছেন পুলিশ। হত্যার ঘটনায় অপর মামলা করেছেন ইসকন মন্দিরের অধ্যক্ষ। যতন সাহা ও প্রান্ত চন্দ্র দাসের  লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর হয়েছে। বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, জেলার বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত ১৮টি মামলা   দায়ের হয়েছে। এর মধ্যে বেগমগঞ্জে ছয়টি, হাতিয়ায় আটটি এবং সোনাইমুড়ি, কবিরহাট, চাটখিল ও সেনবাগ থানায় একটি করে মামলা দায়ের হয়েছে। 

পুলিশের ওপর হামলার ঘটনায় চৌমুহনী পুলিশ ফাঁড়ির এসআই জামাল হোসেন বাদী হয়ে ২৪৫ জনকে এজহারভুক্ত ও অজ্ঞাত দুই থেকে আড়াই হাজার লোককে আসামি করে মামলা করেছেন। এ মামলায় ৩২ জনকে আটক করা হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডের ঘটনায় ইসকন মন্দিরের অধ্যক্ষ রত্নেশ্বর দেবনাথ বাদী হয়ে ১৫ জনকে এজহারভুক্ত ও অজ্ঞাত ১৮০ থেকে ২০০ জনকে আসামি করে মামলা করেন। এ মামলা ১২ জনকে আটক করা হয়েছে। 

নোয়াখালীর ডিসি-এসপির অপসারণ দাবি

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা জানান, গতকাল দুপুরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্তর নেতৃত্বে কেন্দ্রীয় পূজা উদ্যাপন কমিটির সভাপতি মিলন দত্তসহ একটি প্রতিনিধি দল চৌমুহনীতে যান। তারা হামলা-ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় রানা দাশগুপ্ত বলেন, ‘নোয়াখালীর ঘটনার ব্যর্থতার দায় স্বীকার করে নোয়াখালীর ডিসি ও এসপির অনতিবিলম্বে অপসারণ দাবি করছি। আমরা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ, আহত ব্যক্তিদের চিকিত্সার ব্যবস্থা ও মন্দিরগুলো পুনরায় নির্মাণ করে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাই। সেই সঙ্গে সামপ্রদায়িক অপশক্তিকে চিহ্নিত করে অনতিবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

কুমিল্লার ঘটনার মূল

হোতাকে খুঁজছে পুলিশ 

কুমিল্লা প্রতিনিধি জানান, গত বুধবার শহরের একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন রেখে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার মূল হোতাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশের সকল ইউনিট ও গোয়েন্দা সংস্থাগুলো। তবে গতকাল পর্যন্ত সেই দুষ্কৃতকারীকে আটকের কোনো সুখবর দিতে পারেনি কোনো সংস্থা। এ অবমাননার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত নানা ঘটনায় গতকাল পর্যন্ত জেলার কোতোয়ালি মডেল থানায় পাঁচটি, সদর দক্ষিণ মডেল থানায় দুটি ও দাউদকান্দি মডেল থানায় একটিসহ মোট আটটি মামলা হয়েছে। এসব মামলায় ৯২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ ৭৯২ জনকে আসামি করা হয়। এর মধ্যে কোতোয়ালি মডেল থানার একটি মামলায় কুমিল্লা সিটির একজন কাউন্সিলরকে আসামি করা হয়েছে। এসব মামলায় ৪৩ জন আসামি গ্রেফতার হয়ে বর্তমানে কুমিল্লা কারাগারে আছে।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাংবাদিকদের জানান, ঘটনার সময় ফেসবুকে লাইভ ও ভিডিও ভাইরাল করার দায়ে গ্রেফতার মো. ফয়েজকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন দাখিল করা হয়েছে, তবে শুনানি হয়নি।

এদিকে জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে জেলা-পুলিশ প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগ, জেলা-মহানগর পূজা উদ্যাপন কমিটি, জাসদ, বাসদ, গণসংহতি আন্দোলনসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনগুলো নগরীতে সভা-সমাবেশ, মানববন্ধন অব্যাহত রেখেছে। বক্তারা ঘটনার মূল হোতা ও নেপথ্য নায়করা এখনো গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। আজ সোমবার বিকালে কুমিল্লা টাউন হল মাঠে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রতিমন্ত্রী কেন উসকানিমূলক বক্তব্য দিয়েছেন, প্রশ্ন জি এম কাদেরের

ইত্তেফাক রিপোর্টার জানান, জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, পরিকল্পিতভাবে দেশের সামপ্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে ষড়যন্ত্র শুরু হয়েছে। কুমিল্লার ঘটনার একই সময়ে এক প্রতিমন্ত্রীর ‘রাষ্ট্রধর্ম ইসলাম মানি না’ বলে যে উসকানিমূলক বক্তব্য ভাইরাল হয়েছে, সেটির সঙ্গে এই ষড়যন্ত্রের যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখতে হবে। খতিয়ে দেখতে হবে—অস্বাভাবিক পরিস্থিতিতে প্রতিমন্ত্রী কেন উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। তিনি গতকাল রবিবার তার বনানী কার্যালয় মিলনায়তনে খুলনা বিভাগীয় জাপার প্রতিনিধি সভা ও নবনিযুক্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছা জানানোর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।