স্কটিশ দুঃস্বপ্নে বাংলাদেশের বিশ্বকাপ শুরু

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ০০:৪৩

বিশ্বকাপ শুরুর আগেই হুংকার দিয়ে রেখেছিলেন স্কটল্যান্ডের কোচ শেন বার্জার। ২২ গজের লড়াইয়ে শিষ্যরাও কোচের কথা বৃথা যেতে দেননি। ওমানের আল-আমিরাত স্টেডিয়ামে গতকাল বাংলাদেশকে দুঃস্বপ্ন উপহার দিয়েছে স্কটিশরা। ব্যাটে-বলে তাদের প্রবল চাপে নতজানু মাহমুদউল্লাহ রিয়াদের দল।

প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপের ম্যাচে আইসিসি সহযোগী স্কটল্যান্ডের কাছে ৬ রানে হেরে বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ। গতকাল আগে ব্যাট করে ৯ উইকেটে ১৪০ রান তুলেছিল স্কটল্যান্ড। পরে ৭ উইকেটে ১৩৪ রানের বেশি যেতে পারেনি বাংলাদেশ। অলরাউন্ডার ক্রিস গ্রিভসই মূলত বাংলাদেশকে ধসিয়ে দিয়েছেন। ব্যাটিংয়ে ৪৫ রানের পর বোলিংয়েও ১৯ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। ম্যাচ-সেরাও হয়েছেন গ্রিভস।

টি-২০ ফরম্যাটে দুই বারের দেখাতেই বাংলাদেশকে হারাল স্কটল্যান্ড। ২০১২ সালের পর গতকালও টাইগারদের বিপক্ষে অপরাজিত থেকে গেল তারা।

রান তাড়া করতে নেমে ১৮ রানেই দুই ওপেনার সৌম্য (৫) ও লিটন দাসকে (৫) হারায় বাংলাদেশ। দুই অভিজ্ঞ ব্যাটসম্যান সাকিব-মুশফিকের ব্যাটে সেই চাপ কাটিয়ে ওঠে টাইগাররা। যদিও স্কটল্যান্ডের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তুলতে সংগ্রাম করেছেন তারা। তখনই বেড়েছে রানের চাপ, যা আর উতরানো সম্ভব হয়নি। তাদের ৪৭ রানের জুটি ভাঙে ১২তম ওভারে সাকিব ২০ রান করে ক্যাচ দিলে। দলীয় ৭৪ রানে স্কুপ খেলতে গিয়ে মুশফিকও বোল্ড হন। তিনি ৩৮ রান করেন।

রান-বলের দূরত্ব ক্রমেই বাংলাদেশের নাগালের বাইরে চলে যায়। আফিফ-মাহমুদউল্লাহর ৩২ রানের জুটি শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছে। মাহমুদউল্লাহ ২৩, আফিফ ১৮, মেহেদী হাসান অপরাজিত ১৩, সাইফউদ্দিন অপরাজিত ৫ রান করেন। স্কটল্যান্ডের ব্র্যাড হোয়েল ৩টি, ক্রিস গ্রিভস ২টি করে উইকেট নেন।

এর আগে ইনিংসের তৃতীয় ওভারে সাইফউদ্দিন কোয়েটজারকে বোল্ড করেন। অষ্টম ওভারে মেহেদী হাসানের জোড়া শিকার হয়ে ফেরেন ম্যাথু ক্রস ও জর্জ মানসি। ইনিংসের ১১তম ওভারে সাকিবও ২ উইকেট তুলে নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন। রিচি বেরিংটন, লিস্ক সাকিবের শিকার হন। তাতেই লঙ্কান কিংবদন্তি মালিঙ্গাকে (১০৭) ছাড়িয়ে টি-২০ ইতিহাসের সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে যান তিনি। সাকিবের ঝুলিতে এখন ১০৮ উইকেট।

মেহেদী ম্যাকলিওডকে বোল্ড করলে ৫৩ রানে ৬ উইকেট হারায় স্কটিশরা। পরে ৭ম উইকেটে ৫১ রানের জুটি গড়ে দলকে চ্যালেঞ্জিং পুঁজি এনে দেন ক্রিস গ্রেভস ও মার্ক ওয়াট। হ্যাটট্রিক না পেলেও ইনিংসের শেষ ওভারে পরপর দুই বলে মুস্তাফিজ ফেরান গ্রেভস ও জশ ডেভিকে। গ্রিভস ইনিংসে সর্বোচ্চ ২৮ বলে ৪৫ রান তোলেন। মানসি ২৯, ওয়াট ২২, ক্রস ১১ রান করেন। মেহেদী ১৯ রানে ৩টি, সাকিব ১৭ রানে ২টি, মুস্তাফিজ ৩২ রানে ২টি, তাসকিন-সাইফউদ্দিন ১টি করে উইকেট পান।

আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ দল। টুর্নামেন্টে টিকে থাকতে হলে ম্যাচটি জিততেই হবে মাহমুদউল্লাহ বাহিনীকে।

সংক্ষিপ্ত স্কোর

স্কটল্যান্ড :২০ ওভারে ১৪০/৯

বাংলাদেশ :২০ ভারে ১৩৪/৭

ফল :স্কটল্যান্ড ৬ রানে জয়ী