রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা মহিলাবিষয়ক দপ্তরের পরিত্যক্ত ভবনের ছাদের পলেস্তার ভেঙে গতকাল রবিবার গুরুতর আহত হয়েছেন তিন নারী। এ ঘটনায় আহতরা হলেন—উপজেলার রায়পুর গ্রামের গওছেল আযমের স্ত্রী ফিরোজা খাতুন, মোয়াজ্জেম খানের স্ত্রী কোহিনুর বেগম ও বাবুলতলা গ্রামের মিনা আক্তার। আহতদের মধ্যে মিনা প্রাথমিক চিকিত্সা শেষে বাড়ি ফিরলেও অন্য দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। তারা তিন জনই মহিলাবিষয়ক দপ্তরের আধুনিক দর্জিবিজ্ঞান প্রশিক্ষণের শিক্ষার্থী। পরিত্যক্ত এই ভবনে মহিলাবিষয়ক দপ্তর ছাড়াও উপজেলা পরিসংখ্যান, শিক্ষা প্রকৌশলী, দারিদ্র্যবিমোচন ও সেটেলমেন্ট অফিস রয়েছে। এ ঘটনায় ঐ ভবনে থাকা সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ে আসা নারী প্রশিক্ষণার্থীরা চরম আতঙ্কে রয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান বলেন, ‘ঘটনাটি শোনার পরেই দ্রুত ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি নিয়ে উপজেলা চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। দ্রুতই তাদের অন্য ভবনে সরিয়ে আনা হবে।’
