বিশ্ববিদ্যালয়ের সভা আহ্বান একটি রুটিন কাজ এবং দায়িত্বের অংশমাত্র। অফিস চলাকালীন এসব কাজের জন্য সিটিং অ্যালাউন্স গ্রহণ মোটেই সমীচীন নয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। তিনি বলেন, সিটিং অ্যালাউন্স গ্রহণ নৈতিকতাবহির্ভূত এবং বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা অবৈধ হারে সিটিং অ্যালাউন্স গ্রহণ করছেন, যা মোটেও কাম্য নয়। গতকাল রবিবার ইউজিসি আয়োজিত দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিবিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। ইউজিসির সদস্য প্রফেসর দিল আফরোজা বেগম বলেন, ‘আমার অধীনে গত কয়েক বছরে বিশ্ববিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ১৩টি তদন্ত প্রতিবেদনের সুপারিশ একটিও বাস্তবায়িত হয়নি। এ রকম চলতে থাকলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি না কমে বরং বাড়তে থাকবে।
