যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্যস্ততম ম্যানহাটনে সালাহউদ্দিন বাবলু (৫০) নামে এক বাংলাদেশি খুন হয়েছেন। তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়েছে। শুক্রবার রাতে লোয়ার ইস্ট সাইডের ফ্রাংকলিন ডি. রুজভেল্ট (এফডিআর) পার্কের কাছে হেস্টার স্ট্রিটে এ ঘটনা ঘটে। নিহত বাবলুর গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ২ নম্বর নদনা ইউনিয়নের হাটগাঁওয়ে। তিনি ইলেকট্রিক মোটরবাইক চালিয়ে ম্যানহাটনে ফুড ডেলিভারির কাজ করতেন। তার বাসা নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনে।
পুলিশ সূত্রে জানা গেছে, ফুড ডেলিভারির কাজ করার সময় ছুরিকাঘাতের শিকার হন সালাহউদ্দিন বাবলু। মুখে ও পেটে ছুরিকাঘাত অবস্থায় তিনি রাস্তায় পড়ে ছিলেন। তার মোটরবাইকটিও ছিনতাই করা হয়েছে। জখম ও অচেতন অবস্থায় বাবলুকে স্থানীয় বেলভিউ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তদন্তের স্বার্থে ম্যানহাটনের এফডিআর পার্ক বন্ধ করে দিয়েছে পুলিশ। পার্ক থেকে খুনের আলামতও উদ্ধার করা হয়েছে। গোয়েন্দারা সন্দেহভাজনকে খুঁজছে। এদিকে বাবলু খুন হওয়ার খবরে ব্রুকলিনে বাংলাদেশি কমিউনিটিতে উত্কণ্ঠা ছড়িয়ে পড়ে।
