জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি বলেছেন, ‘পঁচাত্তরের বেদনা আর শোককে শক্তিতে পরিণত করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, যেভাবে আমাদের নেত্রী শোককে শক্তিতে রূপান্তরিত করে বিভিন্ন জেলায় জেলায় ঘুরে আওয়ামী লীগ সুসংগঠিত ও শক্তিশালী করেছেন। ব্যক্তি থেকে দলকে শক্তিশালী করতে হবে। ব্যক্তি যতই শক্তিশালী হোক না কেন, দলকে রাজনৈতিকভাবে শক্তিশালী না করতে পারলে কোনো কিছু করার থাকবে না। আমাদের দলকে শক্তিশালী করতে হবে, তাহলেই আমরা ঘুরে দাঁড়াতে পারব, যে কোনো সাম্প্রদায়িক শক্তিকে মোকাবিলা করতে পারব।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে গতকাল রবিবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে বেলা ১১টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রিয় বঙ্গবন্ধু গ্রন্থের মোড়ক উন্মোচন ও চলমান আশ্রয় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে যুবলীগের আশ্রয় কর্মসূচির দ্বিতীয় পর্ব হিসেবে বাংলাদেশের বিভিন্ন জেলায় ২২টি ঘর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে যুবলীগের তরফ থেকে গৃহহীন মানুষদের হস্তান্তর করা হয়।
সভাপতির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, ‘আমাদের প্রতিটি সংখ্যালঘু ভাই শেখ রাসেলের প্রতীক হিসবে আজকে আত্মপ্রকাশ করেছে। শেখ রাসেলের নামকরণের মর্যাদা রাখতে আওয়ামী যুবলীগ সাম্প্রদায়িক শক্তির অমানবিক আগ্রাসন, নির্যাতন ও হত্যাকাণ্ড প্রতিহত করতে সর্বদা প্রস্তুত। যুবলীগ আমাদের সংখ্যালঘু ভাইবোনদের অধিকার সংরক্ষণে সর্বদা প্রস্তুত।’
যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আমরা প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে কথা দিয়েছিলাম মুজিব শতবর্ষে যুবলীগের পক্ষ থেকে আমরা সারা দেশে গৃহহীন ও অসহায় মানুষকে গৃহদান করব। তারই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেত্রীর জন্মদিনে ১০ জন অসহায় গৃহহীন মানুষকে গৃহ দিয়েছিলাম।’
অনুষ্ঠানের প্রধান বক্তা রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর বলেন, ‘বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ রাসেলকে নিয়ে যেমন ভাবতেন, সেই ভাবনাটা যুবলীগের প্রত্যেকটা নেতাকর্মীর মধ্যে আসুক। তাহলে আমরা আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারব।’ বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা যুবলীগের নেতাকর্মীর উদ্দেশে বলেন, ‘শেখ রাসেল বেঁচে থাকলে বয়স হতো ৫৮ বছর। কিন্তু শেখ রাসেল আমাদের কাছে চিরসবুজ, অমর শিশু, শেখ রাসেলের জন্মদিনে যুবলীগের নেতাকর্মীদের উচিত অন্তত একজন সুবিধাবঞ্চিত শিশুর দায়িত্ব নেওয়া। তাহলেই শেখ রাসেলের জন্মদিন পালন সার্থক হবে।’ বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি বলেন, ‘যে কোনো মূল্যে আমাদের ১৯৭২ সালের সংবিধানে ফিরে যেতেই হবে। বাংলাদেশ কোনো ধর্মব্যবসায়ী, মৌলবাদীদের আস্তানা হতে পারে না।’
