নির্বাচন এখন অর্থহীন আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে ----------- সুজন সম্পাদক

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ০০:২৯

দেশে নির্বাচন এখন নির্বাসনে গেছে বলে মন্তব্য করে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন এখন অর্থহীন আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য হতে হবে। গতকাল রবিবার সুজনের রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 বদিউল আলম মজুমদার বলেন, আমাদের দলগুলো যাদের মনোনয়ন দেয় সেই মনোনয়নও গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয় না। অনেক ক্ষেত্রে বিতর্কিত ব্যক্তিরা মনোনয়ন পেয়ে যান। এখানে মনোনয়ন বাণিজ্য বিরাট ভূমিকা পালন করে। তিনি বলেন, নির্বাচনি ব্যবস্থা বহুলাংশে ধ্বংস হয়েছে। বস্তুত নির্বাচন এখন নির্বাসনে চলে গেছে। এটা গণতান্ত্রিক শাসনের সঙ্গে কোনোভাবেই সংযুক্ত নয়। গণতান্ত্রিক যাত্রাপথের সূচনা হয় একটা সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে। বদিউল আলম মজুমদার আরো বলেন, শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক ও সাংবিধানিকভাবে ক্ষমতা বদল হতে হবে। নির্বাচনের মাধ্যমে জনগণের মতামত যদি প্রতিফলিত না হয় তাহলে অনিয়মতান্ত্রিক এবং সহিংসভাবে ক্ষমতা বদলের পথ প্রশস্ত হয়। এটা কারো জন্যই কল্যাণ বয়ে আনবে না।

রংপুর জেলা সুজনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনের সভাপতিত্বে প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন জেলা সম্পাদক আফতাব হোসেন, মহানগর সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, লালমনিরহাটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানুসহ বিভাগের আট জেলার সভাপতি ও সম্পাদকরা।