সরকার হিন্দু-মুসলমান সবার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ------- জাফরুল্লাহ চৌধুরী

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ০০:২৯

ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ও গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘সরকার হিন্দু-মুসলমান সবারই জান-মালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।’

গতকাল রবিবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রান্ধুনীমুড়া গ্রামে গিয়ে গুলিতে নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। এর আগে তিনি হাজীগঞ্জে মন্দিরে হামলাস্থল ও পুলিশের সঙ্গে সংঘর্ষস্থল পরিদর্শন করেন। 

ডা. জাফরুল্লাহ আরো বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মিসলিড করা হয়েছে। আপনি ঘটনাস্থলে আসুন। যারা মারা গেছে, তাদের বাড়িতে যান।’ তিনি বলেন, ‘আক্রান্ত প্রত্যেকটি মন্দিরকে দ্রুত ক্ষতিপূরণ দিতে হবে। আমাদের সবাইকে ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদ করতে হবে। সে জন্য সরকারকে সাহসী হতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, গণস্বাস্থ্যকেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, ১৯৬৯-এ শহিদ আসাদের ছোট ভাই ডা. নুরুজ্জামান, হাবিবুর রহমান রিজু, ভাসানী অনুসারী পরিষদের সদস্য ব্যারিস্টার সাদিয়া আরমান প্রমুখ।

নোয়াখালী সংবাদদাতা জানান, এরপর বিকালে জাফরুল্লাহ চৌধুরী নোয়াখালীর চৌমুহীতে ভাঙচুর হামলা ক্ষতিগ্রস্ত কয়েকটি মন্দির ও দোকানপাট পরিদর্শন করেন।