এনসিবির কর্মকর্তাকে আরিয়ান খান

‘একদিন এমন কিছু করব যাতে গর্বিত হবেন’

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ০০:২৯

বলিউডের বাদশাখ্যাত অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচয় এখন তারকা সন্তান নন, ‘কয়েদি নম্বর ৯৫৬’। একাধিকবার তার জামিন আবেদন খারিজ হয়েছে। জিজ্ঞাসাবাদ যেমন চলছে, চলছে কাউন্সেলিংও। অর্থাত্ মনোবিদদের সঙ্গে কথাবার্তা বলছেন আরিয়ান এবং তার সঙ্গীরা।

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, নিজের ভুল স্বীকার করেছেন আরিয়ান। তদন্তকারী সংস্থার কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের সঙ্গে খোলামেলা কথা বলেছেন ২৩ বছর বয়সি আরিয়ান। কর্মকর্তা সমীরকে আরিয়ান কথা দিয়েছেন, তিনি যা করেছেন, তার পুনরাবৃত্তি হবে না। তিনি বলেছেন, আমি একদিন এমন কিছু করব, যাতে আপনি গর্বিত হবেন।

প্রসঙ্গত, এই সমীর ওয়াংখেড়ে মাদক পার্টির খবর পেয়ে ছদ্মবেশে গত ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরিতে উঠেছিলেন। তার হাতেই আটক হন আরিয়ান খান। গত দুই বছরে মুম্বাই বিমানবন্দর থেকে ১৭ হাজার কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেছে সমীরের টিম।