ভারতের কেরালা রাজ্যে অতি ভারী বৃষ্টি ও ভূমিধসে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো ১২ জন। এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারী বৃষ্টির কারণে ইদুক্কি ও কোট্টায়াম জেলায় ভূমিধসে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে। শনিবার সারা রাত ভারী বৃষ্টি হলেও রবিবার সকাল থেকে বৃষ্টির তীব্রতা কমেছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, কেরালার মানুষের সহায়তায় সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। উদ্ধার তত্পরতায় সহায়তার জন্য ইতিমধ্যে এনডিআর টিমকে পাঠানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। কেরালার মুখ্যমন্ত্রী পিনারায়ি বিজয়নের সঙ্গেও তিনি কথা বলেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক টুইট বার্তায় সবার নিরাপত্তা কামনা করেছেন।
কেরালার বেশ কিছু নদীর পানিও বিপত্সীমার ওপর দিয়ে বইছে। কোট্টায়াম ও ইদুক্কি জেলায় একটি নদী প্লাবিত হয়ে বেশ কয়েকটি গ্রাম ভাসিয়ে নিয়ে গেছে। বৃষ্টি ও বন্যার কারণে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় সেনা মোতায়েন করা হচ্ছে। ভারী বর্ষণের কারণে রাজ্যের কলেজ সোমবারের পরিবর্তে বুধবার থেকে খুলবে।
