বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: কৃষিমন্ত্রী

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৮

বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, আজ আমরা নিজেদের খাদ্য চাহিদা পূরণ করে অন্য দেশে রপ্তানি করছি এবং সাহায্য পাঠাতে পারছি। তবে পুষ্টি ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং মানুষের আয় বৃদ্ধি করাই এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 

বুধবার কৃষিবিদ দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে আয়োজিত ‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে আধুনিক কৃষি’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন কৃষিমন্ত্রী কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক।

দিবসটি উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের হেলি প্যাডে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে কৃষিবিদ দিবসের উদ্বোধন করা হয়। তারপর বিশ্ববিদ্যালয়ের বরেণ্য কৃষিবিদ, শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু ও সংসদ সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান। 

আরো পড়ুন: ৯ বছর পর মধুর ক্যান্টিনে ছাত্রদল, স্বাগত জানায় ছাত্রলীগ

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাকৃবির এমিরিটাস অধ্যাপক কৃষিবিদ ড. এম এ সাত্তার মণ্ডল। প্রবন্ধের আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ ও বিডিবিএলের সাবেক চেয়ারম্যান কৃষিবিদ মো. ইয়াছিন আলী। 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাকৃবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী সম্পাদক কৃষিবিদ বদিউজ্জামান বাদশাসহ দেশ বরেণ্য কৃষিবিদরা। সেমিনারে প্রায় পাঁচ সহস্রাধিক কৃষিবিদ অংশগ্রহণ করেন।

ইত্তেফাক/অনি