নানা আয়োজনে শেখ রাসেলের জন্মদিন উদ্যাপিত

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ২১:২৭

ইত্তেফাক ডেস্ক

সারা দেশে গতকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

বরিশাল :নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে রক্ষিত বঙ্গবন্ধু ও শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দেয় জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে নগরীতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের এক আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস।

খুলনা :জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনাসভা, কেক কাটা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’। জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী।

ময়মনসিংহ :সকালে সার্কিট হাউজ মাঠে শেখ রাসেলের অস্থায়ী বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকসহ প্রশাসন ও বিভিন্ন সংগঠন। পরে সার্কিট হাউজ মাঠে বৃক্ষ রোপণ করা হয়। এদিকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে টাউন হল প্রাঙ্গণে শেখ রাসেলের অস্থায়ী বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা শিশু একাডেমি এই উপলক্ষ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।

সিলেট :জেলা আওয়ামী লীগের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে হযরত শাহজালাল (রহ:) দরগাহ মসজিদে মিলাদ, দোয়া মাহফিল ও শিরনি বিতরণের আয়োজন করা হয়। এর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান।

ভাণ্ডারিয়া (পিরোজপুর) :এ উপলক্ষ্যে সকালে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, জাতীয় পার্টি-জেপি, পৌরসভার উদ্যোগে উপজেলা পরিষদ সম্মুখে শেখ রাসেলের প্রতিকৃতিতে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে জাতীয়ভাবে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে ভার্চুয়াল পদ্ধতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রদান ও দোয়া মোনাজাত শেষে ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে কেক কাটেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সীমা রানী ধর। এদিকে পৃথকভাবে ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজের উদ্যোগে দিবসটি পালন উপলক্ষ্যে ‘শেখ রাসেল ও ডিজিটাল বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়ের ওপর কুইজ প্রতিযোগিতা হয়। পরে আলোচনাসভা, দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

চাঁদপুর :সকালে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সরকারি শিশু পরিবার মিলনায়তনে কেক কাটা, শিশুদের মধ্যে কেক, মিষ্টি বিতরণ, আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর আগে স্থানীয় লেকের পাড়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।