মনপুরায় বউভাত অনুষ্ঠানে মারামারিতে আহত ৫

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ২১:২৮

মনপুরা (ভোলা) সংবাদদাতা

মনপুরায় বউভাত অনুষ্ঠানে তর্কবিতর্কের জেরে মারামারির ঘটনা ঘটেছে। এতে মেয়ে পক্ষের পাঁচ জন আহত হয়েছে। এ ঘটনায় সোমবার মেয়ের বাবা আইয়ুব আলী মনপুরা থানায় লিখিত অভিযোগ করেন। এর আগে রবিবার দুপুরে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে জামাই আল-আমিনের বাড়িতে বউভাত অনুষ্ঠানে মারামারির এ ঘটনা ঘটে। মেয়ের মা নুরন্নাহার বেগম জানান, গত বৃহস্পতিবার ঐ ওয়ার্ডের বাসিন্দা নুরনবীর ছেলে আল-আমিনের কাছে আমার মেয়ের বিয়ে দেই। বিয়ের দুই দিন পর গত রবিবার জামাই বাড়িতে বউভাত অনুষ্ঠানে যাই। সেখানে ঘটক রুবেল ১০ হাজার টাকা দাবি করে। এ বিষয় নিয়ে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে ঘটকসহ পাঁচ-সাত জন আমাদের মারধর শুরু করে। ঘটনার পর থেকে মেয়েকে নিয়ে জামাই পালিয়ে গেছে। সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ অলি উল্লা কাজল জানান, এ ঘটনায় মেয়েপক্ষকে আইনি প্রদক্ষেপ গ্রহণের জন্য বলা হয়েছে। মনপুরা থানার ওসি সাইদ আহমেদ জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।