ঝিনাইদহে হত্যা মামলায় আট জনের যাবজ্জীবন

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ২১:২৮

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহে যুবলীগ নেতা জাকির হোসেন মণ্ডল ওরফে শান্তি হত্যা মামলায় আট জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। সোমবার অতিরিক্ত দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক মো. শওকত হোসাইন এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা ও বিস্ফোরক আইনে পৃথক মামলায় আরো সাত বছর করে কারাদণ্ডে দণ্ডিত করা হয়। দণ্ডাদেশপ্রাপ্তরা হলো—শান্তি হোসেন, আব্দুল করিম, লাভলু, আবু জাহিদ মনি, মিজানুর রহমান, ইব্রাহিম খলিল ওরফে ইদ্রিস, মুকুল ও নাসির। তাদের মধ্যে শান্তি ও ইব্রাহিম খালিদ পলাতক রয়েছে। এ মামলায় অন্য আসামি গান্না ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নাসির উদ্দিন মালিথার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়। একই সঙ্গে আসামি মশিউর রহমান ও উজ্জল হোসেন মারা যাওয়ায় তাদের মামলা থেকে বাদ দেওয়া হয়। আদালতের নথি সূত্রে জানা যায়, ২০১০ সালের ৭ জুলাই রাতে জাকির হোসেন মণ্ডল শান্তির ওপর বোমা হামলা করা হয়। ১১ জুলাই সে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।