হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা
ছয় দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি শুরু হওয়ায় কমতে শুরু করেছে ভারতীয় পেঁয়াজের দাম। সোমবার বন্দরের মোকামে ১০-১২ টাকা কমে প্রতি কেজি পেঁয়াজ পাইকারি বিক্রি হয়েছে ৩৬-৩৮ টাকায়। বন্দরের আমদানিকারক মাহফুজার রহমান বাবু জানান, দুর্গাপূজার বন্ধ শেষে গত রবিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এতে করে দুই দিনে দেশের বাজারে সরবরাহ অনেকটাই বেড়েছে। ফলে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। তিনি আরো জানান, মূলত সরকার আমদানিতে শুল্ক প্রত্যাহার করে নেওয়ায় পেঁয়াজের দাম কমছে। ফলে পাইকারি বাজারে কেজিতে ১০-১২ টাকা করে কমেছে। দাম আরো কমবে। হিলি বাজারের খুচরা ব্যবসায়ী মঈনুল হোসেন জানান, গত ১১ অক্টোবর আগ পর্যন্ত আমরা খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৪৮-৫০ টাকায় বিক্রি করেছি। আজ সেই পেঁয়াজ মানভেদে ৩৮-৪০ টাকা বিক্রি করছি। বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক জানান, প্রতিদিন ভারত থেকে পেঁয়াজ আসা অব্যাহত আছে।
