চাটমোহর (পাবনা) সংবাদদাতা
পাবনার চাটমোহরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে এ উপজেলার ১১টি ইউনিয়ন নির্বাচনের দায়িত্ব পালনের জন্য পাঁচ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। পাবনা জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান এক পত্রে বিষয়টি নিশ্চিত করেছেন। রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র বিক্রি, গ্রহণ, যাচাই-বাছাইসহ ভোটগ্রহণ করবেন। তপশিল অনুযায়ী ১৪ অক্টোবর থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। জমাদানের শেষ তারিখ ২ নভেম্বর। যাচাই-বাছাই ও প্রতীক বরাদ্দ শেষে ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন অফিসার মো. আলমগীর হোসেনকে বিলচলন, নিমাইচড়া ও পার্শ্বডাঙ্গা ইউনিয়ন, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুমবিল্লাহকে হাণ্ডিয়াল ও ছাইকোলা ইউনিয়ন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মগরেব আলীকে মথুরাপুর ও গুনাইগাছা ইউনিয়ন, উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমানকে ফৈলজানা ও মূলগ্রাম ইউনিয়ন এবং প্রাণিসম্পদ কর্মকর্তা নুর মোহাম্মদকে ডিবিগ্রাম ও হরিপুর ইউনিয়নের জন্য রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
