ইবি (কুষ্টিয়া) সংবাদদাতা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দীর্ঘ ১৮ মাস পর ২৫ অক্টোবর থেকে সশরীরে ক্লাস কার্যক্রম শুরু হবে। এর আগে গত ৯ অক্টোবর অন্তত এক ডোজ টিকা নেওয়া সাপেক্ষে আবাসিক শিক্ষার্থীদের জন্য হল খুলে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান দৈনিক ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন, ২০ অক্টোবর সশরীরে ক্লাস শুরুর কথা থাকলেও সেদিন ঈদে মিলাদুন্নবির ছুটি রয়েছে। এছাড়া ২১ ও ২২ অক্টোবর সাপ্তাহিক ছুটি এবং ২৪ অক্টোবর গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা থাকায় ক্লাস শুরুর তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
‘ডি’ ইউনিটে ভর্তি আবেদনের
সময় বৃদ্ধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ভর্তি আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আগামী ২০ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। সোমবার বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান বিষয়টি নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রথমে আবেদনের যে সময় নির্ধারণ করা হয়েছিল (৭ থেকে ১৭ অক্টোবর) এ সময়ে মাত্র চার দিন ছিল অফিস টাইম আর বাকি দিনগুলোতে ছুটি ছিল। এরমধ্যে এক দিন মোবাইল নেটওয়ার্ক বন্ধ ছিল। এছাড়া আবেদনের সংখ্যাও তুলনামূলক কম হওয়ায় সার্বিক বিষয় চিন্তা করে প্রশাসনের পক্ষ থেকে আবেদনের সময়সীমা তিন দিন বৃদ্ধি করা হয়েছে।
