নাগেশ্বরীতে আমনখেতে পোকার আক্রমণ

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ২১:২৯

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা

নাগেশ্বরীতে আমনখেতে পাতা মোড়ানো পোকার আক্রমণ দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। অনেকে ওষুধ ছিটিয়ে পোকার বিস্তার রোধের চেষ্টা করছেন। উপজেলা কৃষি অফিস জানায়, নাগেশ্বরীতে এবার ২৪ হাজার ২২০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। এর মধ্যে অসময়ের বন্যায় চরাঞ্চলের ৪ হাজার ২০০ হেক্টর জমির ধান খেত পচে নষ্ট হয়ে যায়। অন্যান্য জমিতে নিয়মিত পরিচর্যা করায় সেগুলো তরতাজা ও সবুজ হয়ে ওঠে। আর কয়েক দিনের মধ্যে সেগুলোর শিষ  বের হবে। এর মাধ্যেই বামনডাঙ্গার চরলুছনি, ধনিটারী, সেনপাড়া, পাটেশ্বরী, পৌরসভার সাঞ্জুয়ারভিটা, পয়রাডাঙ্গা, বেরুবাড়ি, কচাকাটাসহ বেশকিছু এলাকায় পাতা মোড়ানো রোগ দেখা দিয়েছে। ব্যাপারিটারী গ্রামের কৃষক লস্কর আলী, জাহাঙ্গীর আলমসহ একাধিক কৃষক জানান, পোকা দমনে খেতে বালাইনাশক ছিটাচ্ছি। কী হবে বুঝতে পারছি না। ধান টিকাতে না পারলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে। উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন জানান, ধান গাছের পাতা মোড়ানো পোকার আক্রমণ ঠেকাতে গ্রামেগঞ্জে গিয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।