বড়পুকুরিয়ায় জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ২১:৩০

পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা

পার্বতীপুরের বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলনের ফলে ক্ষতিগ্রস্ত বাঁশপুকুর ও বৈদ্যনাথপুর গ্রামের প্রায় ২০০ পরিবার তাদের জমি অধিগ্রহণের অর্থ পায়নি। সোমবার তারা অবিলম্বে ক্ষতিপূরণের অর্থ পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে। এদিন সকাল ১০ টায় ক্ষতিগ্রস্তদের সংগঠন বড়পুকুরিয়া জীবন ও সম্পদ রক্ষা কমিটি বড়পুকুরিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ইব্রাহিম খলিল, রুহুল আমীন, রেজওয়ানুল হক, আবু মুসা, মঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক বোরহান আলী প্রমুখ। তারা বলেন, ভূমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসনের সহযোগিতায় খনি কর্তৃপক্ষ ২০২০ সালের ১ মার্চ ৪ ধারায় ও ২৩ জুন ৭ ধারায় ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের জমি অধিগ্রহণের নোটিশ প্রদান করেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও ভূমি অধিগ্রহণের কাজ সম্পন্ন করা হয়নি, দেওয়া হয়নি ক্ষতিপূরণের অর্থ। ক্ষতিপূরণের অর্থ এখনো হাতে না পাওয়ায় চরম দুর্ভোগের মধ্যেও দুই গ্রামের মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র যেতে পারছেন না। এমনকি নতুন জায়গায় বসতি গড়তেও পারছেন না।