আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে গতকাল সোমবার ‘শেখ রাসেল দিবস ২০২১’ পালন করা হয়।
গতকাল বিকেলে রাজধানীর শিশু একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা বলেছেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা পরাজয়ের গ্লানি মোচন করার জন্য বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। খুনিরা চেয়েছিল বঙ্গবন্ধু পরিবারের কোনো সদস্যের নেতৃত্বে যেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা ঘুরে দাঁড়াতে না পারে। শিশু শেখ রাসেলকে হত্যা করে খুনিরা মানবতাকে হত্যা করেছে।
এদিকে গতকাল রাজধানীর মত্স্য ভবনে আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে রক্ষা করতে না পারা বাঙালি জাতির সবচেয়ে বড় ব্যর্থতা ।
অপরদিকে রাজধানীর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কার্যালয়ে নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সাম্প্রদায়িক আঘাত দিয়ে বাংলাদেশকে দাবিয়ে রাখা যাবে না।
তিনি বলেন, বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, তখনই এই সাম্প্রদায়িকগোষ্ঠী আবার নতুনভাবে আঘাত করছে। এদিকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের নামাজ কক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় পঁচাত্তরের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শাহাদত বরণকারী সবার বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সদস্যবৃন্দ ও কমিশন সচিবালয়ের সচিব মোছা. আছিয়া খাতুন উপস্থিত ছিলেন।
গাজীপুর :গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, সত্যের জয় হবেই। একটি অসত্য বিষয় নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। আধুনিক নগর গড়তে একটি মহল প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
মানিকগঞ্জ : গতকাল সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। পুষ্প অর্পণ করেন জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন প্রমুখ।
মুন্সীগঞ্জ : সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের মিয়াসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) যথাযোগ্য মর্যাদায় ‘শেখ রাসেল দিবস-২০২১’ পালন করে। দিবসটি উপলক্ষ্যে সংস্থার কেন্দ্রীয় কার্যালয় এবং ২৫৪টি শাখা কার্যালয়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। কেন্দ্রীয় কার্যালয়ের কর্মসূচির মধ্যে ছিল আলোচনাসভা, দোয়া মাহফিল, দুস্থ এবং এতিমদের মধ্যে খাবার বিতরণ। —প্রেস বিজ্ঞপ্তি
