পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’ এর টিজার উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা নিবেদিত এই চলচ্চিত্রের তিনটি টিজার উদ্বোধনকালে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ, চলচ্চিত্রটির পরিচালক ও সংলাপ রচয়িতা নজরুল ইসলাম, সৃজনশীল পরিচালক জুয়েল মাহমুদ ও প্রযোজক লিটন হায়দার উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, সরকারকে প্রশ্নবিদ্ধ করার হীন উদ্দেশ্যেই সাম্প্রদায়িক অপশক্তি পীরগঞ্জে হামলা করেছে। সরকার এই অপশক্তিকে কঠোর হাতে দমন করতে বদ্ধপরিকর। যারা এই ঘটনাটি ঘটিয়েছে, সারা দেশেই তাদের এ ধরনের আরো ঘটনা ঘটানোর পরিকল্পনা ছিল, সেগুলো সরকারের কঠোর পদক্ষেপের কারণে নিয়ন্ত্রণ করা সম্ভবপর হয়েছে উল্লেখ করে সবাইকে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সতর্ক হতে হবে। তথ্যমন্ত্রী বলেন, পীরগঞ্জে রাতের অন্ধকারে বিভিন্ন বাড়িতে আগুন দেওয়া হলো। এটি খুবই স্পষ্ট যে পীরগঞ্জকে তারা এই কারণেই বেছে নিয়েছে যাতে সরকারকে প্রশ্নবিদ্ধ করা যায়।
এদিন শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে সকালে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে বনানী কবরস্থানে শহীদ শেখ রাসেল এবং ১৫ আগস্ট শহীদদের সমাধিতে পুষ্প অর্পণ ও দোয়ায় অংশ নেন তথ্যমন্ত্রী। দিবসটি উপলক্ষ্যে বিকালে কাকরাইলে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অধিদপ্তরের মহাপরিচালক স ম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, অতিরিক্ত সচিব ফারুক আহমেদ, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদ বক্তব্য রাখেন।
