৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল সোমবার পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ২৯ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে পরীক্ষা নেওয়া হবে। আসনবিন্যাস পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এমসিকিউ টাইপ প্রিলিমিনারি পরীক্ষায় বই, ঘড়ি, মোবাইল ফোন, ব্যাগ, গয়না ও কোনো ধরনের ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না। কানে কোনো ধরনের শ্রবণযন্ত্র ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিত্সকের পরামর্শসহ আগেই পিএসসির অনুমতি নিতে হবে। প্রার্থীকে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসনে ৩০০, পুলিশে ১০০, পররাষ্ট্রে ২৫, শিক্ষায় ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।
