ফতুল্লায় স্ত্রীর পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, গ্রেফতার ২

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ২২:১৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় পরকীয়ার জের ধরে সুজন ফকির নামের ইজিবাইক চালককে বাসা থেকে ডেকে নিয়ে হত্যার মূল পরিকল্পনাকারীসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার রাতে নাটোর জেলার বাগাতিপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মূল পরিকল্পনাকারী আব্দুল মজিদ ও সরাসরি অংশগ্রহণকারী তার ভাতিজা মোয়াজ্জেম হোসেন। তারা দুই জনই সদর উপজেলার ফতুল্লা থানার মুসলিমনগর এলাকার বাসিন্দা। সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা।

তিনি জানান, আব্দুল মজিদের স্ত্রীর সঙ্গে একই এলাকার ইজিবাইক চালক সুজন ফকিরের পরকীয়ার সৃষ্টি হয়। প্রায়ই তারা দেখা করত। বিষয়টি ধরা পড়লে মজিদ ও তার স্ত্রীর মধ্যে দাম্পত্য সম্পর্কের অবনতি ঘটে। এর জের ধরে আবদুল মজিদ তার ভাতিজা মোয়াজ্জেম হোসেনকে নিয়ে স্ত্রীর পরকীয়া প্রেমিক সুজন ফকিরকে হত্যার পরিকল্পনা করেন।

সেই পরিকল্পনা অনুযায়ী সুজনকে হত্যা করতে গত ১৬ অক্টোবর সকালে মজিদ তার ভাতিজা মোয়াজ্জেম ও মোয়াজ্জেমের খালাতো ভাই হাসানকে নিয়ে রাস্তায় ওত পেতে থাকেন। পরে মজিদ মোবাইলে ফোন করে সুজনকে দেখা করতে বলেন। সুজন আসার পর মজিদ ও তার সহযোগীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে সুজনকে সদর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।