মা-ইলিশ সংরক্ষণ অভিযানে ২০ লাখ মিটার জাল আটক করেছে নৌবাহিনী

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ২২:১৫

সরকারের নির্দেশনা মোতাবেক ইলিশ প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছে নৌবাহিনী। এ লক্ষ্যে নৌবাহিনীর সাতটি জাহাজ মা-ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় অভিযান পরিচালনা করছে। অভিযানে গত ১১ অক্টোবর থেকে এ পর্যন্ত নৌবাহিনীর জাহাজসমূহ সমুদ্র ও উপকূলীয় সেন্টমার্টিন, কক্সবাজার ও কুতুবদিয়া, বরিশাল জেলার মল্লিকপুর, লালখারাবাদ, হিজলা, ভাসানচর, কালীগঞ্জ, চরমোনাই, মেহেন্দিগঞ্জ, দপদপিয়া, পটুয়াখালী জেলার ধুলিয়া কলাপাড়া, গলাচিপা, পানপট্টি, বাউফল, ভাসানচর, পিরোজপুর ও বরগুনা জেলার কাউখালী, গাবখান, মোকামিয়া, বেতাগী, বামনা, বলেশ্বর, পায়রা নদীর মোহনা, বাগেরহাট জেলার মোংলা, পশুর নদী, রামপাল, কাউখালী, খুলনা জেলার চালনা, দাকোপ, রূপসা, বটিয়াঘাটা এলাকা থেকে আনুমানিক ৯ কোটি ৩৭ লাখ টাকা মূল্যের ২০ লাখ ৯১ হাজার মিটার অবৈধ জাল ও ৩৫৮ কেজি ইলিশ মাছ আটক করেছে। আটককৃত এসব অবৈধ জালসমূহ স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও মত্স্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে এবং জব্দকৃত ইলিশ স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয়।

গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া এ অভিযানে    নৌবাহিনী এ পর্যন্ত ৪১ লাখ ২১ হাজার মিটার অবৈধ জাল ও ৫৫৮ কেজি ইলিশ মাছ আটক করেছে। মা-ইলিশ রক্ষায় বিশেষ এ অভিযান আগামী ২৫ অক্টোবর পর্যন্ত চলবে। অভিযান পরিচালনাকালে নৌসদস্যরা প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধসংক্রান্ত সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও গণসচেতনতা সৃষ্টিতে স্থানীয় প্রশাসনকে সর্বাত্মক সহায়তা প্রদান করছে। —আইএসপিআর