আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেছেন, বিএনপি একটি সাম্প্রদায়িক রাজনৈতিক দল। তারা মুখে মুক্তিযুদ্ধের কথা বলেও ধর্মন্ধ ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে প্রশ্রয় দেয়। বিভিন্ন সময়ে সরকারের নির্বাচন ঠেকানোর নামে দলটি সাম্প্রদায়িক উসকানি তৈরি করেছিল। ফেসবুকে যারা গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও গ্রহণ করা হবে। গতকাল সোমবার বরিশাল অভিযাত নগরীর হোটেল গ্রান্ড পার্কে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আফজাল বলেন, যেসব স্থানে হামলা, ভাঙচুর হয়েছে সেখানে স্থানীয়ভাবে সংকট থাকতে পারে। সেক্ষেত্রে স্থানীয় সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক শক্তি সকলে মিলে এগিয়ে আসতে হবে। মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস প্রমুখ উপস্থিত ছিলেন।
