পীরগঞ্জে মন্দির ও ঘরবাড়িতে আগুন মালামাল লুট

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ০০:৩৭

 রংপুরের পীরগঞ্জে ফেসবুকে আপত্তিকর পোস্টকে কেন্দ্র করে রামনাথপুর ইউনিয়নের করিমপুর গ্রামের জেলে পল্লি মাঝিপাড়ায় ১৮টি ঘর ও দুটি মন্দিরে অগ্নিসংযোগ এবং ৪৮টি বাড়িতে ভাঙচুরসহ ৬৬টি পরিবারের গবাদি পশু, স্বর্ণালংকার, টিভি, রেডিওসহ ঘরের মালামাল লুটের ঘটনা ঘটেছে।  গত রবিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঐ রাতেই পুুলিশ ৪২ জনকে আটক করেছে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। গভীর রাতে জেলা প্রশাসক আসিফ আহসান, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায় ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার পর এলাকায় র্যাব ও বিজিবিসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং রাত সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জেলা প্রশাসক জানান, আজ মঙ্গলবার ১০০ বান্ডিল ঢেউটিন ও প্রতি বান্ডিলে ৩ হাজার টাকা ও প্রয়োজনীয় আরো অর্থ প্রদান করা হবে ক্ষতি গ্রস্তদের। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে পীরগঞ্জ থানায়। কথিত পোস্ট দেওয়ার অভিযোগে পরিতোষ নামে এক শিক্ষার্থীকে গতকাল জয়পুরহাট থেকে পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এ নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৪৩। পুলিশ সুপার বিপ্লব কুমার বিষয়টি নিশ্চিত করেন। 

জানা যায়, মাঝিপাড়ার উত্তর অংশের হিন্দুধর্মাবলী প্রসন্নের স্কুলপড়ুয়া ছেলে পরিতোষের বিরুদ্ধে ফেসবুকে কথিত আপত্তিকর পোস্ট করার প্রতিবাদে একত্রিত হয়ে বিক্ষোভ প্রকাশের একপর্যায়ে উত্তেজিত জনতা নির্বিচারে ঘরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও মালামাল  লুট করে । এ সময় ঘটনাস্থলে থানার ওসি সরেস চন্দ্রসহ পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরবর্তীকালে র্যাব, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে গভীর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গতকাল সোমবার সকালে রংপুরের বিভাগীয় কমিশনার আব্দুল ওহাব ভুইয়া, ডিআইজি দেবদাস ভট্টাচার্জ্য, ৫১ বিজিবি রংপুরের সেক্টর কমান্ডার কর্নেল ইয়াসির জামান হোসাইন ঘটনাস্থলে আসেন। গতকাল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে রান্না করা খাবার সরবরাহ করা হয়েছে। এ ছাড়া  একই দিন জেলা ও উপজেলা প্রশাসনের থেকে প্রতিটি পরিবারকে চাল, ডাল, চিনি, লবণসহ শুকনা খাবারের প্যাকেট, কম্বল, লুঙ্গি ও শাড়ি বিতরণ করা হয়েছে। এদিকে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শনে আজ পীরগঞ্জ আসছেন বলে জানা গেছে। এ ছাড়া আজ ঘটনাস্থল পরিদর্শনে আসবেন তথ্যমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ।

অন্যদিকে  ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে  ব্যবস্থা গ্রহণের জন্য গতকাল দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে জেলা পূজা উত্যাপন পরিষদ। রংপুর জেলার সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, পরিস্থিতি এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে।

 প্রত্যক্ষদর্শীরা বলেন, করিমপুর জেলেপাড়ায় রাত ১০টা থেকে এ তান্ডব শুরু হয়। খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা। পীরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন চন্দ্র শর্মা বলেন, রংপুর, মিঠাপুকর ও পীরগঞ্জের চারটি ইউনিট রাত পৌনে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়িতে অগ্নিসংযোগের শিকার এক ভুক্তভোগী গৃহবধূ কান্নাজড়িত কণ্ঠে জানান ‘গরু একটা নিয়া গেইছে, গাড়ি পুড়ি ফেলাইসে, চাউল টাউল টাকা নিয়ো গেইছে, হামরা এলা কি করি খামো।’ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিক্ষুব্ধ জনতা বাড়ি ঘেরাও করার চেষ্টা করলে অভিযুক্ত শিক্ষার্থী একপর্যায়ে সপরিবারে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাদের বাড়িতে নিরাপত্তা জোরদার করে। ঘটনার পরপরই পুলিশ সুপার, র্যাব-১৩-এর অধিনায়ক, জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। ঘটনা নিয়ন্ত্রণে সেখানে রাতভর উপস্থিত থাকেন জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মোতায়েন করা হয় অতিরিক্ত বিজিবি, র?্যাব ও পুলিশ।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায় জানান, ঘটনার রাতে বটেরবাজার মাঝিপাড়ায় সংখ্যালঘুদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে আরো সময় লাগবে।

এদিকে এ ঘটনার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করে রংপুর নগরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ বলেন, ‘উস্কানিমূলক ফেসবুক পোস্ট নিয়ে যারা ঘরবাড়িতে অগ্নিসংযোগ করেছে, তাদের বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আমরা অনুরোধ জানাই।’ এ বিষয়ে জেলা প্রশাসক আসিব আহসান বলেন, ক্ষতি গ্রস্তদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, এটি পরিকল্পিত ঘটনা। দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।